ট্রাইব্যুনালের মতে, আরসিবি সেদিনের অঘটনের জন্য দায়ী।

ফাইল ছবি।
শেষ আপডেট: 1 July 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে গণমৃত্যুর জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের মতে, আরসিবি সেদিনের অঘটনের জন্য দায়ী। পুলিশ তো আর জাদুকর কিংবা ভগবান নয়। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের (CAT) পর্যবেক্ষণ হল, প্রাথমিক তদন্তে প্রমাণিত গত ৪ জুন বেঙ্গালুরুতে যে বিশাল জনসমাবেশ ঘটানো হয়েছিল, তার জন্য দায়িত্ব বর্তায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উপর।
ট্রাইব্যুনাল স্পষ্টাস্পষ্টি জানিয়েছে, সেদিন ৩ থেকে ৫ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন বেঙ্গালুরু শহরে। আর তার জন্য পুরোপুরি দায়ী আরসিবি। কারণ আরসিবি যথাযথ অনুমতি কিংবা সম্মতি নেয়নি পুলিশের কাছ থেকে। হঠাৎ করে তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয়, বিজয় উৎসবে কথা। ফলে কোনও প্রস্তুতি নেওয়ার আগেই জনতা ভিড় করতে শুরু করে।
আরসিবি-র শেষ মুহূর্তের বিজয় উৎসব পালনের ঘোষণাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাইব্যুনালের। এই ঘটনাকে আপত্তিজনক বলে উল্লেখ করেছে ক্যাট। তাদের মতে, পুলিশের পক্ষে কোনওমতেই ১২ ঘণ্টার মধ্যে আইনবিধি মোতাবেক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা সম্ভবপর ছিল না। পুলিশ কি জাদুকর না ভগবান? প্রশ্ন তুলেছে ট্রাইব্যুনাল।
১৮ বছরের মধ্যে প্রথম আইপিএল জিতে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে বেঙ্গালুরু দল। রাতারাতি তারা শহরে ফিরে চিন্নাস্বামী স্টেডিয়ামে সংবর্ধনা ও বিজয় উৎসব পালনের সিদ্ধান্ত জানিয়ে দেয়। ট্রাইব্যুনালের মতে, পুলিশ কর্মীরাও মানুষ। তাঁরা ভগবানও নন, জাদুকরও নন। তাঁদের হাতে আলাদিনের প্রদীপ নেই, যা ইচ্ছে তাই সেকেন্ডের মধ্যে করে ফেলা যাবে। প্রদীপে আঙুল ঘষলেই যা করা যেত, এমন ক্ষমতাও পুলিশের নেই। নিরাপত্তার ব্যবস্থা করার মতো সময় হাতে ছিল না পুলিশের। বেঙ্গালুরুর এক পুলিশ অফিসার তাঁর সাসপেনশনকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাইব্যুনালের দ্বারস্থ হলে তারা এই কথা বলে।