ইনফোসিস (Infosys) কর্তৃপক্ষ সম্প্রতি কর্মীদের কর্মজীবন ও ব্যক্তিগত বা সাংসারিক জীবনের মধ্যে ভারসাম্য (work-life balance) বজায় রাখার বিষয়ে নজর দিতে বলছে।

নিজের শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন ও যত্ন নেন।
শেষ আপডেট: 1 July 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: ইনফোসিস-কর্তা নারায়ণ মূর্তির (Narayana Murthy) সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের নিদান নিয়ে বছরখানেক ধরে তুমুল চর্চা চলছে। কিন্তু, সেই জোয়ার-ভাটার মধ্যেই খোদ ইনফোসিস (Infosys) কর্তৃপক্ষ সম্প্রতি কর্মীদের কর্মজীবন ও ব্যক্তিগত বা সাংসারিক জীবনের মধ্যে ভারসাম্য (work-life balance) বজায় রাখার বিষয়ে নজর দিতে বলছে। তথ্য-প্রযুক্তি সাম্রাজ্যের স্তম্ভ ইনফোসিসের মানবসম্পদ বিভাগ (HR) এনিয়ে অভ্যন্তরীণ প্রচার শুরু করেছে বলে জানা গিয়েছে। তাতে বলা হয়েছে যে, কোম্পানির এইচআর বিভাগ কর্মীদের কাজের সময়ের উপর নজর রাখছে। একইসঙ্গে কর্মীদের কোম্পানি-নির্দিষ্ট সময়েই কাজ করার পরামর্শ দিয়েছে। বলা হয়েছে, নিজের ডিউটির বাইরে কেউ যেন কাজ না করেন, যাঁরা অফিসের বাইরে অথবা বাড়ি থেকে কাজ করেন, তাঁদের এই পরামর্শ বিশেষ করে মেনে চলার পরামর্শ দিচ্ছে ইনফোসিস।
শুধু তাই নয়, ভূতের মুখে রামনামের মতো আলাদা আলাদা করে ই-মেল পাঠিয়ে বলা হয়েছে, যাঁরা অতিরিক্ত সময় কাজ করছেন, তাঁরা যেন নিয়মমাফিক সময়ের ভিতরে কাজ শেষ করেন। এবং নিজের শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন ও যত্ন নেন। ইংরেজি সংবাদমাধ্যম ইকনমিক টাইমসের (Economic Times) খবর বলছে, কোম্পানির এইচআর টিম কর্মীদের স্বাস্থ্য সচেতনতার মেল পাঠাচ্ছে। কোম্পানি রুলস অনুযায়ী, প্রতি মাসে পাঁচদিনের সপ্তাহ ধরে দিনপ্রতি ৯.১৫ ঘণ্টা কাজ করার কথা। যাঁরা তার বেশি কাজ করছেন বলে ধরা পড়েছেন, তাঁদের বিশেষ করে সচেতন করে দেওয়া হচ্ছে।
মেলে কর্ম ও ব্যক্তি জীবনের উপর গুরুত্ব আরোপ করে কর্মীদের কাজের বিস্তারিত রিপোর্ট চাওয়া হচ্ছে। কর্ম ও অবসর জীবনের বিষয়ে বলা হয়েছে, ব্যক্তিগত সুস্বাস্থ্য কেবল তাঁর নিজের জন্যই নয়, দীর্ঘ কর্মজীবনের জন্যও জরুরি। সচল, সতেজ ও দীর্ঘায়ু জীবন পেতে হলে কাজের বাইরে অবসর কাটানো জরুরি। কর্মীদের প্রতিদিন কাজের ফাঁকে ব্রেক নিতে বলা হয়েছে। অতিরিক্ত চাপ না নিতে, এমনকী ঘণ্টার পর ঘণ্টা কাজের পর পুনরায় শক্তি সঞ্চয়ের জন্য স্ফূর্তি অর্জনের সুপারিশ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। মেলে লেখা হয়েছে, অবসর সময়ে স্ফূর্তি অর্জনের জন্য সময় নিন। যেখানে সম্ভব কাজ সম্পর্কিত আলোচনা, কথাবার্তা বন্ধ করে দিন।
উল্লেখ্য, ৩,২৩,০০০ কর্মীর ইনফোসিস ২০২৩ সালের নভেম্বর থেকে অফিসে ফেরার নীতি চালু করে। সেই থেকে মাসে অন্তত ১০ দিন অফিস আসতে হয়। সেই সময় থেকেই অফিস কর্তৃপক্ষ কর্মীদের কাজের সময়ের উপর প্রত্যক্ষভাবে নজর রাখে। অনেকের ধারণা, কোম্পানির এই হঠাৎ আক্কেল গজানোর কারণ হচ্ছে, বহু কর্মীর স্বাস্থ্য ও রোগ সংক্রান্ত সমস্যা দেখা দিতে থাকায়। অনেকেই হৃদরোগে ভুগছেন অনিদ্রাজনিত ও কম সময় ঘুমানোর জন্য। সঠিক সময়ে খাওয়াদাওয়ার সময় না মেলায়। এছাড়া অতিরিক্ত কাজের চাপে মানসিক অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।