আনুষ্ঠানিকভাবে বিক্রির মঞ্চে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফ্র্যাঞ্চাইজির মালিক ব্রিটিশ সংস্থা ডিয়াজিও জানিয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নতুন মালিক চূড়ান্ত করার লক্ষ্যে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে।
.jpeg.webp)
ছবি: গুগল
শেষ আপডেট: 6 November 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো: আর গুঞ্জন নয়। এবার আনুষ্ঠানিকভাবে বিক্রির মঞ্চে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ফ্র্যাঞ্চাইজির মালিক ব্রিটিশ সংস্থা ডিয়াজিও (Diageo) জানিয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নতুন মালিক চূড়ান্ত করার লক্ষ্যে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) পাঠানো এক বিবৃতিতে তাদের বক্তব্য, ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের (United Spirits Ltd/USL) অধীনস্থ সংস্থা রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের (RCSPL) মালিকানাধীন আরসিবি দলের ভবিষ্যৎ বিনিয়োগের ‘স্ট্র্যাটেজিক রিভিউ’ শুরু হয়েছে। ওই সংস্থার ছত্রচ্ছায়াতেই রয়েছে ছেলেদের আইপিএল (IPL) এবং মহিলাদের ডব্লুপিএলের (WPL) বেঙ্গালুরু দল।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আরসিএসপিএল আমাদের সংস্থার জন্য দীর্ঘদিন ধরে একটি মূল্যবান ও কৌশলগত সম্পদ। তবে এটি আমাদের মূল ব্যবসা—আলকোহল বেভারেজ সেক্টরের অংশ নয়। তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা ও শেয়ারহোল্ডারদের স্বার্থে সংস্থার ভারতীয় ব্যবসার পরিসর পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে!’ ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের এমডি ও সিইও প্রবীণ সোমেশ্বরের (Praveen Someshwar) কথায়, ‘আরসিবি গর্বের সম্পদ, কিন্তু আমাদের মূল ব্যবসা নয়। আমরা চাই, সংস্থার ভবিষ্যৎ ও আরসিবির স্বার্থ—দুটিই সুরক্ষিত থাকুক।’
ক্রিকবাজের (Cricbuzz) রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই একাধিক সংস্থা আরসিবি কেনার আগ্রহ প্রকাশ করেছে। সম্ভাব্য ক্রেতাদের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইনভেস্টমেন্ট ফার্ম ও ভারতের জেএসডব্লু গ্রুপ (JSW Group)। এ ছাড়া আদানি গ্রুপ (Adani Group), সেরাম ইনস্টিটিউটের আদর পুনাওয়ালা (Adar Poonawalla) ও দেবায়নি ইন্টারন্যাশনালের (Devyani International) রবি জয়পুরিয়াও (Ravi Jaipuria) আলোচনায় রয়েছেন বলে খবর। বিক্রিপ্রক্রিয়া এখন প্রাথমিক পর্যায়ে। তবে ডিয়াজিওর লক্ষ্য আগামী এক বছরের মধ্যেই ফ্র্যাঞ্চাইজির মালিকানা হস্তান্তর সম্পন্ন করা।
প্রসঙ্গত, ২০০৮ সালে আইপিএলের সূচনালগ্ন থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দেশের অন্যতম জনপ্রিয় দল। বিরাট কোহলি (Virat Kohli) দীর্ঘদিন যাবৎ দলের মুখ। তবে জনপ্রিয়তা সত্ত্বেও আইপিএল ট্রফি হাতে এসেছে মোটে একবার। এবার মাঠের বাইরেও বড় পরিবর্তনের মুখে ফ্র্যাঞ্চাইজি। তাতে সুদূরপ্রসারী লাভ হয় কিনা, এখন সেটাই দেখার!