এই মরশুমে একেবারে শুরু থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলেছে প্রিটোরিয়া ক্যাপিটালস। কোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে তারা সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 25 January 2026 17:15
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগের (SA20) ২০২৫–২৬ মরশুম আজ শেষ হতে চলেছে। ফাইনালে মুখোমুখি প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals) ও সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape)। এই নিয়ে ইতিহাসে ষষ্ঠবার (SA20) শিরোপা লড়াইয়ে দেখা হচ্ছে এই দুই দলের। ভেন্যু—কেপ টাউনের ঐতিহ্যবাহী নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (Newlands Cricket Ground)।
সৌরভের হাত ধরে খেতাবের হাতছানি
এই মরশুমে একেবারে শুরু থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলেছে প্রিটোরিয়া ক্যাপিটালস। কোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) তত্ত্বাবধানে তারা সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ব্যাটিং ও বোলিং—দু’দিকেই দলের শক্তি চোখে পড়ার মতো।
টুর্নামেন্ট জুড়ে নিয়মিত অবদান রেখেছেন আন্দ্রে রাসেল (Andre Russell), রোস্টন চেজ (Roston Chase), দেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), শারফেন রাদারফোর্ড (Sharfane Rutherford) ও শাই হোপ (Shai Hope)। এই সমন্বিত পারফরম্যান্সই ক্যাপিটালসকে পৌঁছে দিয়েছে শীর্ষ লড়াইয়ে। যদিও ফাইনাল খেলতে হবে অ্যাওয়ে ভেন্যুতে, তবু প্রথম খেতাব জয়ের স্বপ্নে সৌরভের সৈনিকরা আত্মবিশ্বাসী।
অভিজ্ঞতায় এগিয়ে সানরাইজার্স ইস্টার্ন কেপ
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার লিগ ফাইনাল মানেই সানরাইজার্স ইস্টার্ন কেপ। এখনও পর্যন্ত প্রতিটি চূড়ান্ত লড়াইয়ে তারা জায়গা করে নিয়েছে। তিনটি ফাইনালের মধ্যে দু’বার চ্যাম্পিয়নও হয়েছে। অর্থাৎ, বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতায় এক ধাপ এগিয়ে—একথা নিঃসন্দেহে বলা যেতে পারে।
অধিনায়ক ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) নেতৃত্বে এই মরশুমেও দল ছন্দে রয়েছে। কুইন্টন ডি কক (Quinton de Kock), অ্যানরিখ নর্টজে (Anrich Nortje), ম্যাথিউ ব্রিটজকে (Matthew Breetzke) ও উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টো (Jonny Bairstow)—সবাই দরকারি সময়ে পারফর্ম করেছেন। কোয়ালিফায়ার পেরোতে কিছুটা ঘুরপথে যেতে হলেও, ফাইনালের আগে ফের চেনা ছন্দে ধরা দিয়েছে ইস্টার্ন কেপ।
ম্যাচ কখন, কোথায় দেখবেন?
ম্যাচ: SA20 ফাইনাল
তারিখ: রবিবার, ২৫ জানুয়ারি ২০২৫
সময়: সন্ধ্যা ৭টা (ভারতীয় সময়)
টস: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
ভেন্যু: নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (Newlands Cricket Ground), কেপ টাউন
ভারতের দর্শকরা এই ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) সরাসরি দেখতে পারবেন। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের জন্য থাকছে জিওহটস্টার (JioHotstar) অ্যাপ ও ওয়েবসাইট।