আইপিএল ২০২৬ মরশুমের আগে আবুধাবিতে আয়োজিত মিনি নিলামে ব্যস্ত দিন কাটাল কলকাতা নাইট রাইডার্স।

পাপ্পু যাদব লিখেছেন, বাধাই হো বেটু!
শেষ আপডেট: 17 December 2025 11:02
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৬ মরশুমের আগে আবুধাবিতে আয়োজিত মিনি নিলামে ব্যস্ত দিন কাটাল কলকাতা নাইট রাইডার্স। মোট ১৩ জন ক্রিকেটারকে দলে নিয়েছে শাহরুখ খানের দল। এই তালিকায় যেমন নজর কেড়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের রেকর্ড দামে অন্তর্ভুক্তি, তেমনই আলোচনায় এসেছে একটি বিশেষ নাম—সার্থক রঞ্জন। কারণ, তিনি প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা পাপ্পু যাদবের ছেলে।
দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা সার্থক রঞ্জনকে ৩০ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর। বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগে ছেলের সুযোগ পাওয়ার খবরে আপ্লুত পাপ্পু যাদব। সমাজমাধ্যমে আবেগঘন বার্তায় তিনি ছেলেকে আশিসবাণী জানিয়েছেন। এক্সবার্তায় পাপ্পু যাদব লিখেছেন, বাধাই হো বেটু! মন খুলে খেল। নিজের প্রতিভার জোরে নিজের পরিচয় তৈরি কর। নিজের স্বপ্ন পূরণ কর। এবার সার্থকের নামেই আমাদের পরিচয় গড়ে উঠবে।
এই বার্তায় যেমন গর্ব ফুটে উঠেছে, তেমনই রয়েছে একজন বাবার আশীর্বাদ ও উৎসাহ। ঘরোয়া ক্রিকেটে সার্থক রঞ্জনের পারফরম্যান্স বেশ নজরকাড়া। সার্থক দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। এখনও পর্যন্ত তিনি ২টি প্রথম শ্রেণির ম্যাচ, ৪টি লিস্ট-এ ম্যাচ এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সংগ্রহ ২৮ রান, গড় ৯.৩৩। লিস্ট-এ ক্রিকেটে করেছেন ১০৫ রান, গড় ২৬.২৫। টি-টোয়েন্টিতে তাঁর রান ৬৬, গড় ১৩.২০।
बधाई बेटू
जमकर खेलो
अपने प्रतिभा के दम पर
अपनी पहचान बनाओ
अपनी चाहत पूरी करो!
अब सार्थक के नाम से
बनेगी हमारी पहचान! pic.twitter.com/s3gOGe72c2
— Pappu Yadav (@pappuyadavjapl) December 16, 2025
এই নিলামে কেকেআরের সবচেয়ে বড় চমক ছিল ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকায় দলে নেওয়া। এছাড়াও ম্যাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রাহুল ত্রিপাঠী-সহ একাধিক পরিচিত ও তরুণ মুখকে দলে নিয়েছে নাইট রাইডার্স। সার্থক রঞ্জন তাঁদের মধ্যেই অন্যতম নতুন নাম।
এবার দেখার, আইপিএলের মঞ্চে সুযোগ পেয়ে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন সার্থক। বাবার আশীর্বাদ আর কেকেআরের মঞ্চ—এই দুই শক্তিকে সঙ্গী করেই শুরু হতে চলেছে তাঁর নতুন ক্রিকেট জীবন।