আগামী সাতদিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রাজ্যজুড়েই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 17 December 2025 10:43
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের শেষ দিকেই রাজ্যে শীতের আভাস মিলতে শুরু করেছিল। মাঝে আবহাওয়ার খানিকটা বদল হলেও ফের কনকনে ঠান্ডা হাওয়া অনুভূত হচ্ছে শহর ও জেলায় (Weather Update of Bengal)। শীতের এই প্রত্যাবর্তন নিয়ে বড় আপডেট দিল আইএমডি (IMD) এবং আলিপুর আবহাওয়া দফতর। কোথায় কতটা ঠান্ডা পড়ছে, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, সবটাই জানানো হয়েছে পূর্বাভাসে।
দিল্লির মৌসম ভবনের তথ্য অনুযায়ী, এই মরশুমে প্রথমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শ্রীনিকেতনে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নীচে। রবিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে, এই তাপমাত্রা আরও ইঙ্গিত দিচ্ছে যে রাজ্যে শীত ধীরে ধীরে জাঁকিয়ে বসতে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই পুরুলিয়া, বাঁকুড়ায় তাপামাত্রা ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Weather Forecast), আপাতত বাংলার প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি থাকবে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা পাহাড়ি অঞ্চলে শীতের প্রকোপ আরও বাড়াবে। সকালে ও রাতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস।
কলকাতার (Kolkata Weather Forecast) ক্ষেত্রেও শীতের ছোঁয়া স্পষ্ট। ইতিমধ্যেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে এসেছে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ ডিগ্রির আশপাশে। ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে। কয়েকদিন শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রি কিংবা তার নীচে ছিল। মাঝ সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল।
আগামী সাতদিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রাজ্যজুড়েই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে, যার ফলে সকালের দিকে যান চলাচলে অসুবিধা হতে পারে।
শুধু বাংলা নয়, দেশের অন্যান্য রাজ্যেও শীতের দাপট বাড়ছে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মণিপুরে ইতিমধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী দিনে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে। সব মিলিয়ে শীতের মরসুম যে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করছে, তা স্পষ্ট।