বল হাতে, ফিল্ডিংয়ে এবং ম্যাচের নিয়ন্ত্রণে—সব মিলিয়ে অস্ট্রেলিয়ার কোনও উত্তরই ছিল না। এই পারফরম্যান্স বিশ্বকাপের আগে পাকিস্তানের আত্মবিশ্বাস কয়েক ধাপ বাড়িয়ে দিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বাবর ও বিরাট
শেষ আপডেট: 3 February 2026 15:09
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের আগে ঠিক এমনই বার্তা দিতে চেয়েছিল পাকিস্তান। লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৩–০ হোয়াইটওয়াশ আর তার মধ্যে ব্যাট হাতে নিজের পুরনো ছন্দে ফিরলেন বাবর আজম (Babar Azam)। শুধু ম্যাচ জেতা নয়, ভেঙে দিলেন বিরাট কোহলির (Virat Kohli) দীর্ঘদিনের এক রেকর্ডও। প্রশ্ন উঠছে—এটাই কি আসন্ন বিশ্বকাপের আগে বাবরের প্রত্যাবর্তনের ইঙ্গিত?
বাবরের ব্যাটে রেকর্ড, লাহোরে একতরফা ম্যাচ
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium) সিরিজের তৃতীয় টি–২০-তে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাবর খেললেন অপরাজিত ৫০*—৩৬ বলে। ইনিংস দেখে বোঝা যাচ্ছিল, চাপ ঝেড়ে ফেলে আবার নিজের স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি। এই ইনিংসের সুবাদে বাবরের টি–২০ কেরিয়ারের অর্ধশতকের সংখ্যা দাঁড়াল ৩৯। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন বিরাট কোহলি—৩৮টি অর্ধশতক নিয়ে। সেই রেকর্ড ভেঙে দিলেন পাক তারকা। শুধু তাই নয়, টি–২০ আন্তর্জাতিক ক্রিকেটে (T20I) সর্বাধিক রান সংগ্রাহক হিসেবেও নিজের অবস্থান মজবুত করলেন বাবর। ১৩২ ইনিংসে তাঁর রান আপাতত ৪,৫০৫—গড় প্রায় ৪০-এর কাছাকাছি। ফর্ম নিয়ে যত প্রশ্নই উঠুক, পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ‘স্টেটমেন্ট’ জয়
এই সিরিজটা পাকিস্তানের (Pakistan) কাছে শুধুই আরেকটা দ্বিপাক্ষিক টুর্নামেন্ট নয়, হয়ে ওঠে টি–২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) আগে নিজেদের শক্তি যাচাইয়ের মঞ্চ। সেই পরীক্ষায় তারা নিঃসন্দেহে পাশ মার্ক পেয়েছে। তৃতীয় ম্যাচে ১১১ রানে জেতা—অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি–২০-তে পাকিস্তানের সবচেয়ে বড় জয়। অধিনায়ক সলমন আগা (Salman Agha) পুরো সিরিজে ধারাবাহিক, তিন ম্যাচে ১২০ রান করে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’। বল হাতে, ফিল্ডিংয়ে এবং ম্যাচের নিয়ন্ত্রণে—সব মিলিয়ে অস্ট্রেলিয়ার কোনও উত্তরই ছিল না। এই পারফরম্যান্স বিশ্বকাপের আগে পাকিস্তানের আত্মবিশ্বাস কয়েক ধাপ বাড়িয়ে দিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
বিশ্বকাপের আগে বড় প্রশ্ন: ভারত ম্যাচ হবে তো?
বিশ্বকাপে পাকিস্তান পড়েছে গ্রুপ ‘এ’-তে—নামিবিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও ভারতের (India) সঙ্গে। সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাক ম্যাচ হওয়ার কথা। কিন্তু সেখানেই জট। পাকিস্তান সরকার ভারত ম্যাচে খেলার অনুমতি দেয়নি—এমন খবরেই তোলপাড়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council) ইতিমধ্যে সতর্ক করেছে, খেলা বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। কারণ, ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বিপুল সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন ও কোটি কোটি দর্শকের উন্মাদনা।
খেলার দিক থেকেও সমীকরণ পরিষ্কার—পাকিস্তান না নামলে ভারত পাবে ওয়াকওভার বাবদ দুই পয়েন্ট। বিশ্বকাপের মতো মঞ্চে এমন সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েও দানা বেঁধেছে প্রশ্ন।