সব মিলিয়ে, পাকিস্তান ক্রিকেটে আরও একবার বড়সড় রদবদলের ইঙ্গিত স্পষ্ট। টেস্ট দলের ভবিষ্যৎ রূপরেখা ঠিক করতে এখন থেকেই বোর্ড নামছে কোমর বেঁধে।

আজহার মাহমুদ
শেষ আপডেট: 30 December 2025 13:43
দ্য ওয়াল ব্যুরো: চুক্তির মেয়াদ শেষ হতে তিন মাস বাকি। তার আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। জাতীয় টেস্ট দলের হেড কোচ আজহার মাহমুদের (Azhar Mahmood) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পিসিবি। ২০২৬ সালের মার্চ পর্যন্ত চুক্তি থাকলেও, এখনই তাঁকে সরে দাঁড়ানোর নির্দেশ এসেছে বলে সূত্রের খবর।
কেন এমন সিদ্ধান্ত?
বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, আজহার মাহমুদের (Azhar Mahmood) চুক্তি শেষ হওয়ার সময় আর পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজের সূচির মধ্যে একটা ফাঁক রয়েছে। পাকিস্তানের পরের টেস্ট অ্যাসাইনমেন্ট শুরু আগামী বছর মার্চে। তাই বোর্ড মনে করছে, এখনই নতুন হেড কোচের পরিকল্পনা শুরু করাই বাস্তবসম্মত সিদ্ধান্ত। এক বোর্ড কর্তার মন্তব্য, ‘যেহেতু টেস্ট সূচি অনেক পরে শুরু, তাই নতুন কোচ খোঁজার কাজ এখন থেকেই শুরু করা জরুরি। সেই কারণেই তড়িঘড়ি সিদ্ধান্ত।’
কেমন ছিল মাহমুদ-অধ্যায়?
প্রাক্তন টেস্ট অলরাউন্ডার আজহার মাহমুদ (Azhar Mahmood) গত কয়েক বছরে জাতীয় দলের একাধিক ভূমিকায় কাজ করেছেন। ২০২৫-এ তাঁকে টেস্ট দলের হেড কোচ করা হয়। বোর্ডের সঙ্গে দু’বছরের চুক্তি, মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের মার্চে। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান টেস্ট দল ধারাবাহিকতার অভাবে ভুগছে। তার উপর ভবিষ্যৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের আগে কোচিং কাঠামো ঢেলে সাজানোর ভাবনাও বোর্ডের মাথায় ঘুরছিল।
সামনে কী টার্গেট?
পাকিস্তানের নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) অভিযান শুরু হবে ২০২৬ সালের মার্চে, বাংলাদেশ সফর দিয়ে। এরপর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং অগস্ট–সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর রয়েছে। আগামী বছর নভেম্বর–ডিসেম্বরে এবং ২০২৭ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কা (Sri Lanka) ও নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সিরিজ খেলবে পাকিস্তান। এতগুলো গুরুত্বপূর্ণ সিরিজের আগে কোচিং স্টাফে বড়সড় রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বোর্ড।
উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে বোর্ডের সঙ্গে অস্ট্রেলিয়ান কোচ জেসন গিলেসপির (Jason Gillespie) বিচ্ছেদের পর থেকেই পাকিস্তান টেস্ট দল মূলত অন্তর্বর্তী কোচের তত্ত্বাবধানে চলছিল। সেই তালিকায় ছিলেন আকিব জাভেদ (Aaqib Javed) ও আজহার মাহমুদ—দু’জনেই।
শুধু পুরুষ দল নয়, নজরে মহিলা বাহিনীও
শুধু টেস্ট টিমের কোচিং নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এই মুহূর্তে জাতীয় মহিলা দলের হেড কোচ খোঁজার কাজও শুরু করেছে। আইসিসি মহিলা বিশ্বকাপের (ICC Women’s World Cup) পর মহম্মদ ওয়াসিমের (Muhammad Wasim) চুক্তি আর নবীকরণ করা হয়নি। সব মিলিয়ে, পাকিস্তান ক্রিকেটে আরও একবার বড়সড় রদবদলের ইঙ্গিত স্পষ্ট। টেস্ট দলের ভবিষ্যৎ রূপরেখা ঠিক করতে এখন থেকেই বোর্ড নামছে কোমর বেঁধে।