জানা গিয়েছে, এবার নতুন অধিনায়ক হিসাবে অলরাউন্ডার শাদাব খানকে (Shadab Khan) মনোনীত করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সলমন আঘা
শেষ আপডেট: 16 October 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: সলমন আলি আঘার (Salman Ali Agha) দুঃসময় যেন কিছুতেই কাটছে না। তাঁর অধিনায়কত্বে এশিয়া কাপের ফাইনাল-সহ তিনটি ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। অধিনয়াক হিসাবে ও ব্যাট হাতে তিনি ছিলেন পুরোপুরি ব্যর্থ। পাশাপাশি টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব টসের পর তাঁর সঙ্গে একবারও করমর্দন করেননি। এই সব নিয়ে যারপরনাই বিব্রত তিনি। এবার পিসিবি (PCB) সূত্রে জানা গেল, টি-টোয়েন্টি অধিনায়কত্বও (T-20 Captain) হারাতে চলেছেন আঘা।
জানা গিয়েছে, এবার নতুন অধিনায়ক হিসাবে অলরাউন্ডার শাদাব খানকে (Shadab Khan) মনোনীত করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শাদাবের পারফরম্যান্স পাকিস্তান জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট ঈর্ষণীয়। ১১২টি ম্যাচে ১১২টি উইকেট নেওয়ার পাশাপাশি তিনি করেছেন ৭৯২ রান। কাঁধের অস্ত্রপচারের জন্য তিনি সম্প্রতি দলের বাইরে ছিলেন। এখন শাদাব সুস্থ। এবার অধিনায়ক হিসাবেই তাঁর পাকিস্তান দলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে। আগামী মাসে তাঁর রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শেষ হবে। চলতি বছরে ইংল্যান্ডে তাঁর অস্ত্রপচার হয়েছিল।
শাদাব শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন চলতি বছরের জুন মাসে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে। অস্ত্রপচারের আগে তিনি ছিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। তবে জাতীয় দলকে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব তিনি আগেও দিয়েছেন। পাশাপাশি ঘরোয়া ক্রিকেট ও পাকিস্তান সুপার লিগেও তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। এই অলরাউন্ডারকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসাবেই ভাবছে পিসিবি। পাশাপাশি অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হলেও এখনই সলমন আঘাকে দল থেকে ছাঁটাই করা হচ্ছে না।
নভেম্বরে ১১ থেকে ১৫ তারিখের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। শাদাব সুস্থ হয়ে উঠলে সেই সিরিজে তিনিই পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব সামলাবেন।