ভারত ও পাকিস্তান—দু'দেশের ক্রিকেট লিগের সূচি প্রায়ই একই সময়ে পড়েছে। ফলে বিদেশি খেলোয়াড়দের কাছে বেছে নেওয়ার চাপ যথেষ্ট।

বিতর্কের কেন্দ্রে মুজারাবানি
শেষ আপডেট: 15 March 2026 09:03
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়েকে সুপার এইটে তুলেছিলেন তিনি। ছয় ম্যাচে ১৩ উইকেট—টুর্নামেন্টের অন্যতম সেরা পেসার। সেই পারফরম্যান্সে নজর পড়েছে কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু ব্লেসিং মুজারাবানির (Blessing Muzarabani) কেকেআর শিবিরে যোগ দেওয়াই এখন বিতর্কের কেন্দ্রে। কারণ পাকিস্তান সুপার লিগের (PSL) সঙ্গে চুক্তি ভেঙে আইপিএলের পথে পা বাড়িয়েছেন জিম্বাবোয়ের এই জোরে বোলার। জিও সুপারের খবর, ক্রুদ্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আইনি ব্যবস্থার তোড়জোড় শুরু করেছে।
চুক্তি ভেঙে কেকেআরে
ইসলামাবাদ ইউনাইটেড শামার জোসেফের বিকল্প হিসেবে মুজারাবানিকে সই করিয়েছিল। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলা পিএসএলের জন্য পাকিস্তানি মুদ্রায় প্রায় ১১ লক্ষ টাকার চুক্তি হয়েছিল। কিন্তু এই মরসুমে বিসিসিআইয়ের সুপারিশে কেকেআর মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর মুজারাবানিকে রিপ্লেসমেন্ট হিসেবে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আইপিএলের আর্থিক আকর্ষণেই কি পিএসএলের বাধ্যবাধকতা ভুলে গেলেন মুজারবানি—প্রশ্ন পাকিস্তান ক্রিকেট মহলে৷
পিসিবি এবার কঠোর
চুক্তিভঙ্গে পিসিবি নীরব থাকছে না। আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এহেন পরিস্থিতি নতুন কিছু নয়—গত মরসুমেও একই ঘটনা ঘটেছিল। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কর্বিন বশ পেশোয়ার জালমির ডায়মন্ড পিক হওয়ার পরেও মুম্বই ইন্ডিয়ান্সে ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে যোগ দেন। তার ফলে পিএসএল থেকে এক মরসুমের নির্বাসন পেয়েছিলেন বশ।
মুজারাবানির ক্ষেত্রে শাস্তি কতটা কঠোর হবে, সেটাই এখন দেখার। তবে পিসিবির এই কড়া অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে—চুক্তি ভাঙলে এ যাত্রা সহজে ছাড় মিলবে না৷
বিশ্বকাপে মুজারাবানির দাপট
কেকেআর কেন এত আগ্রহী, সেটা বুঝতে বিশ্বকাপের দিকে তাকাতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বে একাই চার উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। জিম্বাবোয়েকে সুপার এইটে নিয়ে যাওয়ার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। ডেথ ওভারে গতি ও বাউন্সের মিশেলে এই আফ্রিকান বোলার আইপিএলে অনেক ব্যাটারের ঘুম ওড়াতে পারেন৷
উল্লেখ্য, ভারত ও পাকিস্তান—দু'দেশের ক্রিকেট লিগের সূচি প্রায়ই একই সময়ে পড়েছে। ফলে বিদেশি খেলোয়াড়দের কাছে বেছে নেওয়ার চাপ যথেষ্ট। আর্থিক সুবিধায় আইপিএল এগিয়ে থাকায় পিএসএল বারবার বঞ্চিত হচ্ছে। পিসিবির সম্ভাব্য আইনি পদক্ষেপ ভবিষ্যতে এই প্রবণতা রুখতে পারে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।