সাম্প্রতিক সময়ে টি২০ সিরিজে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কাছে একটানা হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তার আগে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার কাছে চূর্ণ হতে হয়। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে এই জয় একদিকে ক্যারাবিয়ান শিবিরে আত্মবিশ্বাস জাগাল।

জেডেন সিলস
শেষ আপডেট: 13 August 2025 11:11
দ্য ওয়াল ব্যুরো: লজ্জার হার। অপ্রত্যাশিত বিপর্যয়। তাসের ঘরের মতো পাকিস্তানের (Pakistan) ব্যাটিং লাইন আপের ভেঙে পড়াকে এর চাইতে অন্যভাবে ব্যাখ্যা করা যায় না।
ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজ নির্ধারণী ম্যাচে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল বাবর আজমের (Babar Azam) দল। জয়ের জন্য ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দাঁড়াতেই পারল না পাক ব্রিগেড। ২০২ রানের বিশাল জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। পেল ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ৩৪ বছর পর দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জয়ের স্বাদ!
গোটা টিম তো বটেই, বিশেষত, বাবর আজমের জন্য গোটা সফর হতাশাজনক। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৭২ ইনিংসে সেঞ্চুরি নেই। এ দিন করলেন মাত্র ৯ রান। সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি ও আবরার আহমেদ—পাঁচ জনই ফিরলেন খাতা না খুলে। আসলে শুরু থেকেই উইকেট হারাতে থাকায় ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। আলি আগা কিছুটা লড়াই করে ৩০ রান তুললেও সঙ্গী না মেলায় তাতে কাজের কাজ হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সেরা জেডেন সিলস (Jayden Seals)। ৭.২ ওভারে ১৮ রানে নিলেন ৬ উইকেট। গুদাকেশ মোতির পকেটে ২ উইকেট, রস্টন চেজ পেলেন ১ উইকেট। মূলতে পেস ব্যাটারির দাপটেই মাত্র ২৯.২ ওভারে পাকিস্তানকে গুটিয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ! এর আগে শেষবার ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ দখলে এসেছিল ১৯৮৮ সালে। সব মিলিয়ে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে পাক বাহিনীর বিরুদ্ধে অন্তিম জয় হাসিল হয় ১৯৯১ সালে।
গতকাল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান তোলে ক্যারাবিয়ান ব্রিগেড। অধিনায়ক শাই হোপ শতরান করে ১২০-তে অপরাজিত রয়ে যান। মারেন ১০টি চার ও ৫টি ছক্কা। শেষ দিকে জাস্টিন গ্রিভসের ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে দলের স্কোর ২৯০ পেরোয়।
ম্যাচ শেষে হোপ বলেন, ‘আমাদের শেষ পর্যন্ত খেলে যাওয়াটা খুব জরুরি ছিল। পাওয়ার প্লে-তে সুর বেঁধে দিতে চেয়েছিলাম। শেষ দিকেও দলকে সেরা ফিনিশ দেওয়ার চেষ্টা করেছি। অনেক সময় সমস্যায় পড়লেও হাতে উইকেট থাকায় সেটাকে কাজে লাগাতে পেরেছি। জাস্টিন ভাল খেলেছে। আজকের ম্যাচ প্রায় নিখুঁত ছিল। খুব গর্ব হচ্ছে। আমরা অনেক সময় নেতিবাচক কথা বলি। কিন্তু গত কয়েক বছরে আমরা ইতিহাস গড়েছি। জেডেন দুর্দান্ত বোলার। ওর প্রস্তুতি দেখে আমি আরও উৎসাহ পাই। দুই দিকেই বল সুইং করাতে পারে। সাদা বলের ক্রিকেটে ও এখন আরও ভালো করছে!’
সাম্প্রতিক সময়ে টি২০ সিরিজে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কাছে একটানা হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তার আগে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার কাছে চূর্ণ হতে হয়। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে এই জয় একদিকে ক্যারাবিয়ান শিবিরে আত্মবিশ্বাস জাগাল। অন্যদিকে পাকিস্তানের সামনে মেলে ধরল আত্মসমালোচনার আয়না।