জয় মানেই বাবর-আফ্রিদিদের নিশ্চিত যোগ্যতা। বৃষ্টি হলেও সম্ভাবনা উজ্জ্বল। কিন্তু হারলে সব শেষ। ফলে কলম্বোর আকাশের দিকে তাকিয়ে থাকবেন পাকিস্তানি সমর্থকেরা।
.jpeg.webp)
কলম্বোর ময়দান
শেষ আপডেট: 18 February 2026 10:48
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সামনে শেষ সুযোগ। কলম্বোর ময়দানে (Sinhalese Sports Club, Colombo) আজ নামিবিয়ার বিরুদ্ধে নামছে সলমন আলি আঘার (Salman Ali Agha) দল। সমীকরণ সোজা—জিতলে সুপার এইট, হারলেই বিদায়। কিন্তু প্রশ্ন একটাই: বৃষ্টি নামলে কী হবে?
ভারতের (India) কাছে ৬১ রানে পরাজয় পাকিস্তানের নেট রান রেটকে ধাক্কা দিয়েছে। এখন টেবিলে তারা আমেরিকার (USA) পিছনে। ফলে এই ম্যাচ কার্যত নকআউট।
আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?
আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোয় আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দুপুর ১টা থেকে ৩টার মধ্যে বৃষ্টি নামতে পারে। ফলে টস বা ম্যাচ শুরুতে দেরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। পুরো ২০ ওভারের ম্যাচ হওয়ার আশা একেবারে নষ্ট হয়নি। তবুও, মেঘের আনাগোনাই এখন সবচেয়ে বড় ফ্যাক্টর।
খেলা ভেস্তে গেলে কার লাভ?
এখানেই টুইস্ট। ম্যাচ যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, দুই দলই এক পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৫। তাতে তারা গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে সুপার এইটে চলে যাবে। অর্থাৎ, বরুণদেব রুষ্ট হলে, তাতে পাকিস্তানের ‘ক্ষতি’ নয়, বরং সুবিধাই!
বর্তমানে টিম ইন্ডিয়া (India) ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। আমেরিকা (USA) ৪ ম্যাচে ৪ পয়েন্টে দু’নম্বরে। পাকিস্তান (Pakistan) রয়েছে ৪ পয়েন্টে, কিন্তু নেট রান রেট নেগেটিভ। ম্যাচ ভেস্তে গেলে পাকিস্তান সরাসরি ৫ পয়েন্টে পৌঁছে আমেরিকাকে টপকে যাবে।
নামিবিয়ার সামনে কী?
গেরহার্ড এরাসমাসের (Gerhard Erasmus) দল, ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তবে শেষ ম্যাচে সামনে রয়েছে চমক দেওয়ার সুযোগ। যদি আজ নামিবিয়া পাকিস্তানকে হারাতে পারে, তবে আমেরিকা সুপার এইটে উঠবে।
সব মিলিয়ে অঙ্ক পরিষ্কার। জয় মানেই বাবর-আফ্রিদিদের নিশ্চিত যোগ্যতা। বৃষ্টি হলেও সম্ভাবনা উজ্জ্বল। কিন্তু হারলে সব শেষ। ফলে কলম্বোর আকাশের দিকে তাকিয়ে থাকবেন পাকিস্তানি সমর্থকেরা। ক্রিকেটের ময়দানে লড়াই যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আজ প্রকৃতির ভূমিকাও বড় ফ্যাক্টর।