বিরাট, মাহির কেরিয়ার পরিসংখ্যানের হিসেব খবর রাখলেও তাঁদের আয়ব্যয়ের ছবিটা তামাম জনতার কাছে স্পষ্ট নয়। অনেক তথ্যই আবছা। গালগল্পে ভরা।

রবি শাস্ত্রী
শেষ আপডেট: 25 July 2025 13:54
দ্য ওয়াল ব্যুরো: আড় ভাঙছে। তবু এখনও ফুটবল কিংবা টেনিসের মতো ‘গ্লোবাল’ হয়ে উঠতে পারেনি ক্রিকেট। খেলা হিসেবে এর প্রসিদ্ধি এখনও হাতেগোনা দেশেই আটকে। যার অন্যতম ভারত।
যদিও এদেশ থেকেই একঝাঁক তারকা বিভিন্ন প্রজন্মে উঠে এসেছেন, যাঁদের ‘গ্লোবাল আইকনে’র বন্ধনীভুক্ত করা যেতে পারে। একদা শচিন তেন্ডুলকর। তারপর ধাপে ধাপে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি পেরিয়ে হালফিলে ঋষভ পন্থ, শুভমান গিল। ক্রিকেট নিয়ে অনুৎসাহী ইউরোপও যাঁদের নাম জানে, খোঁজ রাখে।
বিরাট, মাহির কেরিয়ার পরিসংখ্যানের হিসেব খবর রাখলেও তাঁদের আয়ব্যয়ের ছবিটা তামাম জনতার কাছে স্পষ্ট নয়। অনেক তথ্যই আবছা। গালগল্পে ভরা। সকলেই কোটির গল্প শোনান। কিন্তু তার সংখ্যা কত?
সম্প্রতি একটি পডকাস্টে (Podcast) এই নিয়ে হাঁড়ি ভাঙলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। মাইকেল ভনের (Michael Vaughan) সঞ্চালনায় ‘স্টিক টু ক্রিকেটে’র (Stick to Cricket) আসরে বসেছিলেন শাস্ত্রী। সঙ্গে ছিলেন আরও কয়েকজন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার। সেখানেই উঠে আসে ভারতীয় তারকাদের রোজগারের প্রসঙ্গ!
প্রশ্নটা সোজাসুজি জানতে চেয়ে ভন বলেন, ‘শচীনের মতো মহাতারকারা কেমন টাকা রোজগার করেন?’
রবি শাস্ত্রীর সাফ জবাব: ‘অনেক! বিশেষত, বিজ্ঞাপন থেকে। আয় ১০০ কোটির উপরে!’
কোটির সঙ্গে ব্রিটিশরা পরিচিত নন। তাঁরা বোঝেন ডলার, পাউন্ড। তাই মাইকেল ভন ফের জানতে চান, ‘সেটা কত?’
শাস্ত্রী বুঝিয়ে বলেন, ‘মানে ধরো, দশ মিলিয়ন!’
জবাবে সমবেত ‘ওয়াও!’ ছাড়া গোলটেবিল থেকে আর কিছুই শোনা যায়নি!
এরপর শাস্ত্রী একটু খোলসা করেই বলেন, ‘হ্যাঁ, দশ মিলিয়ন পাউন্ড। ১০০ টাকা মানে এক পাউন্ড। সেই বুঝে হিসেব করো। সংখ্যাটা তার উপরেও যেতে পারে!’
বিজ্ঞাপনে ক্রিকেট তারকাদের চাহিদা কেমন তার গল্প শোনাতে গিয়ে শাস্ত্রীর জবাব, ‘যেমন এম এস, বিরাট বা শচীন যখন সেরা ফর্মে ছিল, ওরা দিনে ১৫-২০টা বিজ্ঞাপন করত। চাইলে আরও করতে পারত। কিন্তু সময়ই পেত না। কারণ ক্রিকেটের চাপ। সাধারণত একটা বিজ্ঞাপনের জন্য ওরা বছরে একটা দিন দিয়ে থাকে!’