কেন বারবার ব্রাত্য থাকছে কলকাতা? কী এমন দোষ করেছে মুম্বই? কেন সবেতেই আমদাবাদ? গুয়াহাটিও টপকে যাচ্ছে ইডেনকে?

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 31 March 2026 11:09
দ্য ওয়াল ব্যুরো: ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজ মানেই বাড়তি উত্তাপ, বাঁধভাঙা আবেগ। সেই বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy 2027) সূচি ঘোষণার পরই বিতর্ক দানা বেঁধেছে। ভেন্যু তালিকায় নাম নেই ইডেন গার্ডেনসের (Eden Gardens)। উধাও মুম্বইয়ের ওয়াংখেড়েও। দেশের দুই ঐতিহ্যবাহী ময়দানকে বাদ দিয়ে টেস্ট ছড়িয়ে দেওয়া হল নাগপুর, চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আমদাবাদে। আর তাতেই প্রশ্ন—কেন বারবার ব্রাত্য থাকছে কলকাতা? কী এমন দোষ করেছে মুম্বই? কেন সবেতেই আমদাবাদ? গুয়াহাটিও টপকে যাচ্ছে ইডেনকে?
সূচিতে নেই ইডেন, বিতর্কের শুরু এখানেই
২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ—পাঁচ ম্যাচের সিরিজ। শুরু নাগপুরে (Nagpur), তারপর চেন্নাই (Chennai)। তৃতীয় টেস্ট গুয়াহাটিতে (Guwahati), চতুর্থ রাঁচিতে (Ranchi), শেষ ম্যাচ আমদাবাদে (Ahmedabad)।
তালিকা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সরব সমর্থকদের বড় অংশ। কারণ, ইডেন বা ওয়াংখেড়ের মতো ঐতিহ্যবাহী মাঠ এই সিরিজে ব্রাত্য। বিশেষ করে কলকাতার ক্ষেত্রে ক্ষোভ আরও বেশি—কারণ এই ময়দানেই তো ভারতীয় ক্রিকেটের বহু ঐতিহাসিক মুহূর্ত লেখা হয়েছে!
সৌরভের ব্যাখ্যা: ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ
এই প্রসঙ্গে মুখ খুলেছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বক্তব্য পরিষ্কার—ইডেনে টেস্ট হওয়া অবশ্যই ‘স্পেশ্যাল’, কিন্তু সব ভেন্যুকে সমান সুযোগ দেওয়াটাও জরুরি। তিনি বলেন, ‘আমরাও চাই ইডেনে বড় ম্যাচ হোক। কিন্তু গত বছর দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে টেস্ট হয়েছে। তারপর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ও আইপিএল (IPL) ম্যাচও হয়েছে। সব ভেন্যুকে ঘুরিয়ে সুযোগ দেওয়া দরকার।’অর্থাৎ, বোর্ডের (BCCI) পরিকল্পনার সঙ্গে সুরে সুর মেলালেন বাংলার প্রাক্তন তারকা। এখন শুধুই ঐতিহ্য নয়—দেশের বিভিন্ন প্রান্তে টেস্ট ছড়িয়ে দেওয়াটাই বিসিসিআইয়ের মোক্ষ। সৌরভ এই যুক্তির সঙ্গে একমত।
তবু প্রশ্ন থাকছে—গুয়াহাটি কেন?
এখানেই ধন্দ। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম (Barsapara Stadium) গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট পেয়েছিল। তার পরেই বর্ডার-গাভাসকরের মতো বড় সিরিজ আয়োজনের সুযোগ! অন্যদিকে ইডেন বা ওয়াংখেড়ে বাদ। ফলে প্রশ্ন উঠছে—রোটেশন নীতি ঠিক কীভাবে কাজ করছে? বড় ম্যাচে কি বড় ভেন্যুর (ঠিক যেমন আমদাবাদ) অগ্রাধিকার পাওয়া উচিত নয়?
প্রাক্তনদের মত: ঐতিহ্যের দাম কমছে
প্রাক্তন স্পিনার ভেঙ্কটপতি রাজু (Venkatapathy Raju) এই সিদ্ধান্তে খুশি নন। তাঁর মতে, আগে পাঁচটি নির্দিষ্ট টেস্ট ভেন্যু ছিল—কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি, কানপুর। সেই ধারায় ফিরতে পারলেই ভাল। রাজুর যুক্তি, ‘ওয়ানডে বা টি-২০ অন্যত্র হতে পারে। কিন্তু টেস্ট ম্যাচ ঐতিহ্যবাহী মাঠে আলাদা মাত্রা পায়!’
আর এই মতামতই বিতর্কের কেন্দ্রবিন্দু। একদিকে বিস্তারের পরিকল্পনা, অন্যদিকে ইতিহাস ও আবেগ। কোন ইস্যুকে কখন প্রাধান্য দেবে বোর্ড—সমস্যা এখানে। ভারতীয় ক্রিকেট নতুন দর্শক তৈরির জন্য ভেন্যু বদলাচ্ছে? তাতে ধীরে ধীরে হারাচ্ছে তার পুরনো পরিচিত গন্ধ? তর্ক চলতেই থাকবে। আপাতত কলকাতা অপেক্ষায়। আবার কবে ইডেনে ফিরবে পাঁচ দিনের ‘বড় ম্যাচ’। উত্তর, তাৎপর্যপূর্ণভাবে, সৌরভেরও অজানা।