শোয়েব গেম অন হাই শোতে বলেছেন, এই দলকে দেখে মনে হচ্ছিল, কেউ পালানোর পথ খুঁজে পাচ্ছিলেন না।

শোয়েব আখতার
শেষ আপডেট: 15 August 2025 18:46
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে গিয়ে তিন ম্যাচের ওডিআই সিরিজ ১-২ ব্যবধানে হেরে গিয়েছে পাকিস্তান (Pakistan)। সিরিজের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রিজওয়ান ব্রিগেড শোচনীয় ভাবে হেরে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জেতে ২০২ রানের বিশাল ব্যবধানে। পাকিস্তানের বড় পরাজয়গুলির মধ্যে অন্যতম এটি।
সিরিজ হেরে যাওয়ার পর দুর্বল ব্যাটিংয়ের জন্য প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের (Shoaib Akhtar) তোপের মুখে পড়েছেন মহম্মদ রিজওয়ানরা। শোয়েব গেম অন হাই শোতে বলেছেন, এই দলকে দেখে মনে হচ্ছিল, কেউ পালানোর পথ খুঁজে পাচ্ছিলেন না।
প্রথম ম্যাচটি পাঁচ উইকেটে জিতে সিরিজ অবশ্য ভাল ভাবেই শুরু করেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ওডিআই ক্যারিবিয়ানরা ডিএলএস পদ্ধতিতে পাঁচ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে। এরপর তৃতীয় ম্যাচটিতে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং।
তৃতীয় ওডিআইয়ে ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ দুরন্ত ইনিংস খেলে ১২০ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ক্যারিবিয়ানরা তোলে ৬ উইকেটে ২৯৪ রান। নাসিম শাহ এবং আবরার আহমেদ ২টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ফাস্ট বোলার জাদেন সিলসের বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯২ রানে। সিলসের শিকারে পরিণত হন ছয় পাক ব্যাটার। পাকিস্তানের ৫ জন ব্যাটার তাঁদের খাতাও খুলতে পারেননি। সালমান আঘা সর্বোচ্চ ৩০ রান করেন। আর মহম্মদ নওয়াজ অপরাজিত থাকেন ২৩ রানে।
পাকিস্তানের এই হারে রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। গেম অন হাই শোতে শোয়েব বলেন, “আমাদের দেশে সবসময়ই বিস্ফোরক প্রতিভা ছিল এবং আমরা সেভাবেই খেলতাম। আমরা কখনও একজন খেলোয়াড়ের উপর নির্ভর করতাম না। সবাই অবদান রাখত। কেউ পালানোর উপায় খুঁজত না। পরিবেশ বদলে গিয়েছে এবং গত ১০-১৫ বছরে সবাই নিজের জন্য খেলতে শুরু করেছে। সবাই তাদের গড়ের জন্য খেলছে। উদ্দেশ্য হওয়া উচিত দেশের জন্য ম্যাচ জেতা। আমাদের উদ্দেশ্য, মানসিকতা পরিবর্তন করতে হবে এবং সেই পরিবেশ তৈরি করতে হবে। আপনাকে আধুনিক ক্রিকেট অনুসারে খেলতে হবে।”