সেঞ্চুরির সুবাদে আরও একটি মাইলফলক। মাত্র ১৪ বছর বয়সে পাঁচটি আলাদা দেশে শতরান করার নজির গড়লেন বৈভব—ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বয়সের নিরিখে যা বিরল।

বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 7 January 2026 16:23
দ্য ওয়াল ব্যুরো: ক্যালেন্ডার বদলেছে। ব্যাটের খিদে নয়। নতুন বছরের শুরুতেই ফের দুর্দান্ত ইনিংস খেললেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। দক্ষিণ আফ্রিকার মাটিতে এল প্রথম শতরান। সেটাও মাত্র ৬৩ বলে। বুধবার বেনোনির উইলোমুর পার্কে (Willowmoore Park, Benoni) যুব ওয়ানডে-তে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলা ইনিংস বুঝিয়ে দিল—২০২৫ যেভাবে শেষ করেছিলেন, ২০২৬-ও ঠিক সেভাবেই শুরু হতে চলেছে!
অধিনায়ক হিসেবে বার্তা পরিষ্কার
ভারত অনূর্ধ্ব–১৯ দলের (India U19) দলনায়ক হিসেবে মাঠে নেমে শুরু থেকেই স্পষ্ট বার্তা দেন বৈভব। কোনও সময় নেননি। প্রথম ওভার থেকেই পেসারদের উপর চড়াও। ওপেনিংয়ে অ্যারন জর্জের (Aaron George) সঙ্গে দুশোর বেশি রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ কার্যত ভেঙে দেন।
৬৩ বলে শতরান পূর্ণ করার পথে ১০টি ছয় এবং ৯টি চার। বলের লাইন–লেংথ বুঝে আগ্রাসন, মাঝেমধ্যে নিয়ন্ত্রণ—ভারসাম্য চোখে পড়ার মতো। ৭৪ বলে ১২৭ রান করে আউট হন ২৬তম ওভারে। ডবল সেঞ্চুরির পথে এগচ্ছিলেন বলেই মনে হচ্ছিল। কিন্তু ডানহাতি পেসার নটান্ডো সোনির (Ntando Soni) একটি শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন।
আউট হলেও মুখে হতাশা
আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা এসে অভিনন্দন জানালেও বৈভবের মুখে তৃপ্তির বদলে হতাশা। বুঝেই যান—আরও বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া হয়েছে। একটু পরেই অবশ্য ভারতীয় ডাগআউটের দিকে তাকিয়ে নিজের স্টাইলে ‘পুষ্পা’সেলিব্রেশন। আবেগ নয়, আত্মবিশ্বাসের প্রকাশ!
এই সেঞ্চুরির সুবাদে আরও একটি মাইলফলক। মাত্র ১৪ বছর বয়সে পাঁচটি আলাদা দেশে শতরান করার নজির গড়লেন বৈভব—ভারত, সংযুক্ত আরব আমিরশাহি (UAE), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বয়সের নিরিখে যা বিরল।
সিরিজে দ্রুত মানিয়ে নেওয়ার প্রমাণ
চলতি সিরিজে বৈভবের অভিযোজন ক্ষমতাও চোখে পড়েছে। ৩ জানুয়ারি প্রথম ওয়ানডে-তে মাত্র ১১ রানে আউট। দু’দিন পর, ৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি বুঝে আগ্রাসী মেজাজ—২৪ বলে ৬৮, তাও ১০টি ছক্কা-সহ। আর বুধবার, তৃতীয় ম্যাচে পুরোদস্তুর লম্বা ইনিংস। মানে এক ম্যাচ থেকে আরেক ম্যাচে নিজেকে বদলাতে সময় নিচ্ছেন না বছর চোদ্দোর তরুণ ব্যাটার।
আজ অন্য প্রান্তে তুলনায় সংযত ছিলেন অ্যারন জর্জ। বড় শটের বদলে প্লেসমেন্ট। তবু ৯১ বলে শতরান। ১৬টি বাউন্ডারিতে ভর করে অপরাজিত। দু’জনের ভূমিকাই আলাদা, কিন্তু কার্যকর।