শেষমেশ বৈভব থামেন ২৪ বলে ৬৮ রানে। ইনিংসের হিসেব চোখ কপালে তোলার মতো। মোট ১০টি ছক্কা, মাত্র একটি চার। অর্থাৎ, ৬৮ রানের মধ্যে ৬৪ রানই এসেছে বাউন্ডারি থেকে।

বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 6 January 2026 13:14
দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৪। কিন্তু রেকর্ড ভাঙার যেন নিয়মিত রুটিনে ঢুকে গিয়েছে। এবার ভারতের অনূর্ধ্ব–১৯ দলের হয়ে ইতিহাস লিখলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। দক্ষিণ আফ্রিকার (South Africa U19) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ১৫ বলে হাফ–সেঞ্চুরি করে ভেঙে দিলেন ঋষভ পন্থের (Rishabh Pant) দীর্ঘদিনের নজির। ভারতীয়দের মধ্যে যুব ওয়ানডে-তে দ্রুততম পঞ্চাশ—এবার বৈভবের দখলে। বেনোনির উইলোমুর পার্কে (Willowmoore Park) এই ইনিংস শুধু স্কোরকার্ড সাজায়নি, ম্যাচের গতিপথও এক ধাক্কায় বদলে দিয়েছে।
১৫ বলে পঞ্চাশ, রেকর্ডবুকে নতুন নাম
এর আগে ভারতীয়দের মধ্যে যুব ওয়ানডে-তে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল ঋষভ পন্থের—১৮ বলে। সোমবার সেই মাইলফলক তিন বল কম খেলে হাসিল করেন বৈভব। অধিনায়ক আয়ুষ মাত্রে (Ayush Mhatre) চোটের জন্য বাইরে থাকায়, এই সিরিজে নেতৃত্বও তাঁর কাঁধে। যদিও দায়িত্ব বাড়লেও ব্যাটে তার কোনও প্রভাব পড়েনি।
ইনিংসের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর ঝাঁপিয়ে পড়েন বৈভব। লেংথ বুঝে ছক্কা, সামান্য ভুল হলেই গ্যালারিতে বল পাঠানো—সব মিলিয়ে নিপাট আধিপত্য। মাত্র ১৫ বলে ৫০ পূর্ণ করে বুঝিয়ে দেন, সময় নষ্ট বিলকুল নাপসন্দ।
ছক্কার বন্যা, হিসেব কষে আগ্রাসন
শেষমেশ বৈভব থামেন ২৪ বলে ৬৮ রানে। ইনিংসের হিসেব চোখ কপালে তোলার মতো। মোট ১০টি ছক্কা, মাত্র একটি চার। অর্থাৎ, ৬৮ রানের মধ্যে ৬৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। স্ট্রাইক রেট? আকাশছোঁয়া।
অ্যারন জর্জের (Aaron George) সঙ্গে ওপেনিং জুটিতে শুরু থেকেই চাপ তৈরি করেন বৈভব। মাত্র ৪.১ ওভারে দলের পঞ্চাশ। এরপর জর্জ আউট হলেও আগ্রাসন কমেনি। ৮.১ ওভারে মাইকেল ক্রুইস্ক্যাম্পের (Michael Kruiskamp) বলে আউট হওয়ার সময় ভারত কার্যত খেলার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে—স্কোর ১০৩/২। জমকালো এই ইনিংস দেখিয়ে দিয়েছে, বৈভব শুধু পাওয়ার হিটার নন। পরিস্থিতি বুঝে কখন ঝাঁপাতে হবে, কখন থামতে হবে—সেই বোধও তাঁর বিলক্ষণ রয়েছে।
ম্যাচের ছবি: লক্ষ্য ছোট, কাজ নিখুঁত
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দল ৪৯.৩ ওভারে অলআউট হয় ২৪৫ রানে। জেসন রোলসের (Jason Rowles) ১১৪ রানের শতরান ছাড়া ইনিংসে ধারাবাহিকতা ছিল না। বৃষ্টির জন্য ডাকওয়ার্থ–লুইস নিয়মে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ১৭৪। টার্গেট ছোট হলেও আত্মবিশ্বাসী শুরু ছিল জরুরি। বৈভব সেটাই করে দেন প্রথম ১০ ওভারে। তাঁর বিদায়ের পর বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi) ও অভিজ্ঞান কুণ্ডু (Abhigyan Kundu) ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন। বল হাতে ভারতের হয়ে কিষাণ সিং (Kishan Singh) ৪ উইকেট নিয়ে আগেই ভিত গড়ে দেন।