আমার ওয়ানডে পরিসংখ্যান খুবই খারাপ! আমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আমি ২৫-৩০টি ম্যাচ খেলেছি। আর যদি আমি একটি সুযোগও কাজে লাগাতে না পারি, তাহলে অবশ্যই কিছু ভুল আছে।

সূর্যকুমার যাদব
শেষ আপডেট: 19 October 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ফরম্যাটে শুধু ভারতের নয়, বিশ্ব ক্রিকেটেরও অন্যতম সেরা ব্যাটার। সম্প্রতি তাঁর নেতৃত্বেই টিম ইন্ডিয়া এশিয়া কাপ জিতেছে। তাঁর আমলে ভারত ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বের সেরা দল হিসাবে পরিচিতি লাভ করেছে। তবে সূর্য ভারতের ওডিআই ও টেস্ট দলে অনেকদিন ধরেই ব্রাত্য। এই বিষয়ে ভারতীয় ক্রিকেটের ‘স্কাই’ সৎ স্কীকারোক্তি দিলেন (Surya Kumar Yadav, Honest Confession)।
সূর্যর টিম ইন্ডিয়া জার্সিতে ওডিআই ও টেস্টে অভিষেক হলেও পারফরম্যান্স মোটেও আহামরি ছিল না। তিনি ৩৭টি ওডিআই খেলে ২৫.৭৬ গড়ে রান করেছেন ৭৭৩। তাঁর একমাত্র টেস্ট ম্যাচে তিনি করেছেন মাত্র আট রান। সূর্য মনে করেছেন, ওডিআইতে তাঁর খারাপ পারফরম্যান্সের কারণেই তাঁকে অধিনায়কত্বের (ODI Captaincy) জন্য বিবেচনা করা হয়নি এবং রোহিত শর্মার পর শুভমান গিলকে দায়িত্ব দেওয়া হয়।
নিউজ২৪ স্পোর্টসকে সূর্য বলেছেন, "আমার ওয়ানডে পরিসংখ্যান খুবই খারাপ! আমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আমি ২৫-৩০টি ম্যাচ খেলেছি। আর যদি আমি একটি সুযোগও কাজে লাগাতে না পারি, তাহলে অবশ্যই কিছু ভুল আছে।"
ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে এই বছরের মে মাসে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। তাঁর বিদায়ের পর, গিলকে লাল বলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। এরপর অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে শুভমানকে ওয়ানডে দলের অধিনায়কও নিযুক্ত করা হয়েছে।
সূর্যকুমার বলেন, "এখন আমার মনে হচ্ছে, যদি আমি ওয়ানডে ফরম্যাটে ভাল পারফর্ম করতাম, যেমন টি-টোয়েন্টি আন্তর্জাতিকে করছি, তাহলে ওয়ানডে দলের অধিনায়কত্বও করতে পারতাম। আমি এখন এটা নিয়ে ভাবছি। আগে, আমি এটা নিয়ে ভাবিনি। কারণ এই ফরম্যাট ৫০ ওভারের। বলের রঙ একই। জার্সি প্রায় একই। তবে আমি চেষ্টা চালিয়ে যাব। আমি আমার ১০০ শতাংশ দেব। এটাই আমার সবসময় স্বপ্ন ছিল।"
তিনি আরও বলেন, "আমরা যখন বাড়িতে থাকি, তখন আমরা এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা করি। আমি আমার স্ত্রীকে এই বিষয় নিয়ে আলোচনা উঠলে বলতাম, আমি যদি ওয়ানডে ক্রিকেটে ভাল পারফর্ম করতাম, তাহলে কে জানে কী হতো। রোহিত ভাই যখন ওয়ানডে অধিনায়কত্ব থেকে অবসর নেবেন, তখন কে দায়িত্ব নেবে? যদি তুমি ভাল পারফর্ম কর, তাহলে তুমি একজন ভাল প্রতিযোগী হতে পার। কিন্তু আমার নিজের দোষেই ওয়ানডে ক্রিকেটে সুযোগ আসেনি।"