সম্পর্কের এই খবর এখন ইন্দোরবাসীর কাছে গর্বের কারণও বটে—নিজেদের শহরের ছেলেই যে ভারতের ক্রিকেটতারকার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন!

পলাশ ও স্মৃতি
শেষ আপডেট: 19 October 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: মাঠে ব্যাট হাতে পারফরম্যান্স আর মাঠের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। দীর্ঘদিন ধরে যে গুঞ্জন ঘুরছিল—তা এবার সত্যি হতে চলেছে। সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা পলাশ মুচ্ছল (Palash Muchhal) স্বয়ং ঘোষণা করলেন, স্মৃতিই তাঁর হবু স্ত্রী। বিশ্বকাপে ব্যস্ত ব্যাটার আজ মাঠে। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছেন। তার মধ্যে এই ‘কনফার্মেশন’ দেশের ক্রিকেট মহলে যথেষ্ট ঢেউ তুলেছে।
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পলাশের সংক্ষিপ্ত জবাব, ‘ও খুব শিগগিরই ইন্দোরের বউমা হতে চলেছে… এটুকুই বলতে চেয়েছিলাম!’ এক ঝলক হাসি আর ছোট্ট বাক্যেই দীর্ঘ কৌতূহলের অবসান! মিডিয়া যতবারই প্রশ্ন তুলেছে, স্মৃতি কিছু না বললেও এতদিনে প্রথমবার মুখ খুললেন পলাশ নিজে। সুরকার–পরিচালকের সরস সংযোজন, ‘হেডলাইনটা আমি নিজেই দিয়ে দিলাম!’ আর সেই এক লাইনের মধ্যেই পরিষ্কার হয়ে গেল—ক্রিকেট ও সংগীতের মেলবন্ধন আনুষ্ঠানিকতার দোরগোড়ায়।
গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে তাঁদের ছবি ভাইরাল হচ্ছিল বারবার। কেউ বলছিলেন ‘বন্ধুত্ব’, কেউ ‘বিশেষ সম্পর্ক’। কিন্তু কতটা ‘বিশেষ’? অবশেষে পলাশের মুখে শুনে নিশ্চিত হল সবাই—‘গুঞ্জন’-ই এখন স্পষ্ট ‘ঘোষণা’। ইন্দোর প্রেস ক্লাবের (Press Club) মঞ্চে দাঁড়িয়ে পলাশ একই সঙ্গে শুভেচ্ছাও জানিয়েছেন ভারতীয় মহিলা দলকে (Indian Women’s Cricket Team)। বলেছেন, ‘হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ও স্মৃতির জন্য আমার শুভেচ্ছা রইল। আমরা চাই টিম যেন প্রতিটা ম্যাচ জেতে, দেশের নাম উজ্জ্বল করে!’
এদিকে স্মৃতি মান্ধানা, যিনি ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক ও ওপেনার, রয়েছেন পরিচিত মুডে। আজ ইংল্যান্ডের (England) বিরুদ্ধে বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমিফাইনালে জায়গা পাকা করতে জিততেই হবে ভারতকে।
অন্যদিকে, ‘রাজু বাজেওয়ালা’ (Raju Bajewala) ছবির পরিচালনায় ব্যস্ত পলাশ। যেখানে অভিনয় করছেন অভিকা গর (Avika Gor) ও চন্দন রায় (Chandan Roy)। বলিউডে (Bollywood) পলাশ ও তাঁর বোন পলক মুচ্ছলের (Palak Muchhal) সুরকার–জুটি আগেই জনপ্রিয়। তাই সম্পর্কের এই খবর এখন ইন্দোরবাসীর কাছে গর্বের কারণও বটে—নিজেদের শহরের ছেলেই যে ভারতের ক্রিকেটতারকার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন!