ইতিমধ্যে ঢোঁক গিলে ইউ-টার্ন নিয়ে ফেলেছে সলমন আঘার টিম। পিসিবির অন্দরমহলের বৈঠকে সিদ্ধান্ত: মোটা জরিমানা এবং আইসিসির শাস্তির কোপ এড়াতে এশিয়া কাপে খেলা ছাড়া উপায় নেই।

অ্যান্ডি পাইক্রফট ও ভারত-পাক টিম
শেষ আপডেট: 16 September 2025 15:24
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2025) ভারত–পাক ম্যাচের পর থেকে চড়া বিতর্ক—টসে নাকি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft) নিজে থেকে দুই অধিনায়ক হাত না মেলানোর নির্দেশ দেন। এই অভিযোগকে কেন্দ্র করেই একযোগে ভারত ও রেফারিকেকে কাঠগড়ায় তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। চিঠি যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে। আসে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকি।
যদিও ইতিমধ্যে ঢোঁক গিলে ইউ-টার্ন নিয়ে ফেলেছে সলমন আঘার টিম। পিসিবির অন্দরমহলের বৈঠকে সিদ্ধান্ত: মোটা জরিমানা এবং আইসিসির শাস্তির কোপ এড়াতে এশিয়া কাপে খেলা ছাড়া উপায় নেই। বর্তমান পরিস্থিতিতে সরে দাঁড়ানো ব্যুমেরাং হতে পারে।
ভারতীয় শিবির স্পষ্ট জানিয়ে দিয়েছে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। টিম ইন্ডিয়ার (Team India) অভ্যন্তরীণ সূত্রে খবর, পাইক্রফট নাকি কোনও নির্দেশই দেননি। বরং, সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) আগে থেকেই অবস্থান স্থির ছিল—পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) প্রতিবাদে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলানো হবে না! ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকেও ভারত অধিনায়ক নিজের জায়গা স্পষ্ট করেছেন। সূর্যের কথায়, ‘কিছু কিছু ব্যাপার খেলোয়াড়সুলভ আচরণের থেকেও বড়। আমরা শহিদ পরিবারগুলির পাশে দাঁড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছি।’
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) অভিযোগ তুলেছিলেন, পাইক্রফট নাকি দুই অধিনায়ককে ব্যক্তিগতভাবে করমর্দন এড়িয়ে যাওয়ার নির্দেশ দেন। এই যুক্তি টেনে ম্যাচ রেফারির তাৎক্ষণিক অপসারণের দাবিও করা হয়। কিন্তু ভারতীয় শিবিরের প্রতিক্রিয়া পাকিস্তানের সেই বক্তব্যকে ‘মিথ্যে’ বলে উড়িয়ে দিয়েছে।
পাক কোচ মাইক হেসন (Mike Hesson) ক্ষোভ উগরে বলেন, ‘আমরা তো ম্যাচ শেষে হাত মেলাতে গিয়েছিলাম, কিন্তু ভারতীয়রা তখনই সাজঘরে ঢুকে গিয়েছে!’ এই হতাশা আরও বাড়িয়েছে সীমান্তের রাজনৈতিক টানাপোড়েন। সৌজন্যের পুরনো ছবি—কোহলি–বাবর আড্ডা, আফ্রিদির উপহার, জন্মদিনের কেক—আপাতত বৈরিতার অন্ধকারে।