বাংলা প্রবাদ ধার করে বলা যায় ‘যত গর্জে তত বর্ষে না!’ কিংবা ‘পর্বতের মুষিকপ্রসব’। তেড়েফুঁড়ে এগিয়ে গেলেও শেষমেশ নাম তোলার সাহস দেখাল না পাকিস্তান। পিছু হটতে বাধ্য হল।

পাকিস্তান টিম
শেষ আপডেট: 16 September 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Stadium) রোববার রাতের ‘হ্যান্ডশেক নাটক’ (Handshake Drama) ঘিরে উত্তাল ক্রিকেটমহল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অভিযোগের পাহাড় গড়ে তোলে, তোপ দাগে ম্যাচ রেফারির উপর। আসল নিশানা ভারতীয় ক্রিকেট দল। যার জেরে সুর চড়িয়ে এশিয়া কাপ (Asia Cup 2025) বয়কটের হুঁশিয়ারিও দেন সলমন আঘারা।
কিন্তু বাস্তব? বাংলা প্রবাদ ধার করে বলা যায় ‘যত গর্জে তত বর্ষে না!’ কিংবা ‘পর্বতের মুষিকপ্রসব’। তেড়েফুঁড়ে এগিয়ে গেলেও শেষমেশ নাম তোলার সাহস দেখাল না পাকিস্তান। পিছু হটতে বাধ্য হল। এই ইউ-টার্ন অবাক করলে পিছিয়ে আসার আসল কারণ আরও চমকে দেবে। সূত্রের খবর, শাস্তির খাঁড়া নেমে আসার ভয় এবং আর্থিক জরিমানার আতঙ্কের জেরেই আপাতত গলা নামিয়ে কথা বলছে পাক বাহিনী।
টাইমস অফ ইন্ডিয়ার খবর মতে, পিসিবির অন্দরমহলের স্বীকারোক্তি—এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানো কার্যত অসম্ভব। এক শীর্ষ কর্তার মন্তব্য, ‘আমরা যদি এটা করি, আইসিসি (ICC)–র তরফে ভয়ঙ্কর শাস্তির মুখে পড়তে হবে। জয় শাহ (Jay Shah) নেতৃত্বাধীন সংস্থা কঠিন নিষেধাজ্ঞা চাপাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পর যে আর্থিক চাপ তৈরি হয়েছে, তাতে পাক ক্রিকেট বোর্ডের পক্ষে সামলানো সম্ভব নয়।’
প্রসঙ্গত, পিসিবি সভাপতি তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi) মাত্র একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমার কাছে দেশের সম্মান ও মর্যাদার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই!’ একইসঙ্গে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের (Andy Pycroft) বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়। অভিযোগ, টসের সময় তিনি পাক অধিনায়ক সলমন আঘাকে (Salman Ali Agha) সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সঙ্গে করমর্দন না করার পরামর্শ দেন। গোটা ইস্যু নিয়ে পিসিবি তাদের অভিযোগপত্রে লেখে, ‘একজন নিরপেক্ষ ম্যাচ রেফারি হয়েও পাইক্রফট খেলার স্পিরিট (Spirit of Cricket) লঙ্ঘন করেছেন। তাঁর দায়িত্ব ছিল সম্মান বজায় রাখা, ইতিবাচক পরিবেশ গড়ে তোলা। কিন্তু তিনি সম্পূর্ণ উল্টোটা করেছেন!’ তবে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আইসিসি ইতিমধ্যেই পাকিস্তানের দাবি খারিজ করেছে। ফলে আঘা বাহিনীর হাতে বাধ্য ছাত্রের মতো এশিয়া কাপের বাকি পেপার লিখে ফেলা ছাড়া আর কোনও পথ খোলা নেই।
এদিকে, চলতি বিতর্কের আবহে বড় খবর: মঙ্গলবার দু’দলই অনুশীলন করবে আইসিসি অ্যাকাডেমিতে (ICC Academy), আলাদা আলাদা টাইম স্লটে। ভারতীয় দলের প্র্যাকটিস ৬টা থেকে ৯টা, পাকিস্তানের ৮টা থেকে ১১টা (স্থানীয় সময়)। টিম ইন্ডিয়ার ইতিমধ্যে সুপার ফোরে জায়গা পাকা। পাকিস্তানের সামনে বাঁচা–মরার লড়াই বুধবার, সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে। জিততে না পারলে বিদায় নিশ্চিত। আর জিতলে? রবিবার ফের মুখোমুখি ভারত–পাক!