ক্রিকেট মহল বলছে, বাইশ গজে ভারতের হাতে একতরফা হারের পর এমনিতেও চলতি এশিয়া কাপে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই পাক বাহিনী।

পাকিস্তান টিম
শেষ আপডেট: 16 September 2025 10:47
দ্য ওয়াল ব্যুরো: মাঠে অসহায় আত্মসমর্পণ, মাঠের বাইরে হুমকি-হুঁশিয়ারি। মোদ্দা ইস্যু: কেন টিম ইন্ডিয়া (Team India) হাত মেলালো না (Handshake Row)? এই নিয়েই শিরা ফুলিয়ে, কলার তুলে তেড়ে আসছে পাকিস্তান (Pakistan)। পেশ করছে একের পর এক দাবি: ভারতের শাস্তি চাই, ম্যাচ রেফারিকে সরিয়ে দেওয়া হোক! আর যদি সেসব কিছুই না ঘটে, তাহলে টুর্নামেন্ট থেকে নাকি তারা নিজেরাই সরে যাবে!
ক্রিকেট মহল বলছে, বাইশ গজে ভারতের হাতে একতরফা হারের পর এমনিতেও চলতি এশিয়া কাপে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই পাক বাহিনী। ‘হ্যান্ডশেক-বিতর্ক’ (Handshake Row) অহেতুক পর্দা ফেলেছে। সেটা দূরে সরিয়ে সলমন আঘাদের ভাবা উচিত, ভারতীয়দের কাছে লজ্জার পরাজয়ের পরে তারা আদৌ সুপার ফোরে (Super 4) পৌঁছতে পারবে তো?
গত পরশু থেকেই পিসিবি (PCB) একযোগে কাঠগড়ায় তুলেছে ভারত ও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft)। অভিযোগ ‘স্পিরিট অফ ক্রিকেট’ (Spirit of Cricket) লঙ্ঘনের। এমনকি, পাইক্রফটকে সরানো না হলে পরের ম্যাচ বয়কট করার হুমকিও শুনিয়েছে পাকিস্তান। কিন্তু বাস্তব পরিস্থিতি এই মুহূর্তে এমন দাঁড়িয়েছে, যে বয়কট না করলেও এশিয়া কাপ থেকে তাদের ছুটি হয়ে যেতে পারে।
পাক শিবিরের আশঙ্কা বাড়িয়েছে পয়েন্ট তালিকা। গ্রুপ এ–তে ভারতের অবস্থান নির্ভেজাল নিরাপদ। শুভমান–সূর্যরা ইতিমধ্যেই সুপার ফোরের টিকিট কেটে ফেলেছেন। অন্যদিকে ওমানকে হারিয়ে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) এখন চাঙ্গা মেজাজে। ফলে আগামী বুধবার দুবাইয়ে পাকিস্তান-ইউএই ম্যাচ কার্যত নকআউট। দুই দলের ঝুলিতেই এখন ২ পয়েন্ট। জয়ী দল ৪ পয়েন্টে নিশ্চিত করবে সুপার ফোরের টিকিট। হেরে যাওয়া টিম ছিটকে যাবে। ম্যাচ ভেস্তে গেলে (washout) নেট রান রেটের (Net Run Rate) জোরে পাকিস্তান পৌঁছে যাবে পরের রাউন্ডে।
আঘা ব্রিগেড ইতিমধ্যেই একদিকে ভারতের কাছে হেরে চাপে, অন্যদিকে মানসিক ধাক্কায় দিশেহারা। রাজনৈতিক বিতর্ক, বয়কটের হুমকি, প্রেজেন্টেশনে অনুপস্থিতি—সব মিলিয়ে মনোবল তলানিতে।
অন্যদিকে আমিরশাহি টিম মহম্মদ ওয়াসিমদের (Muhammad Waseem) নেতৃত্বে দুর্দান্ত ফর্মে। ওমানকে ৪২ রানে হারানোর ফলে অঘটনের সম্ভাবনাও উঁকি মারছে। অতএব, পাকিস্তান যদি নিজেদের সেরাটা না দেয়, তবে বয়কটের নাটক ছাড়াই এশিয়া কাপ থেকে তাদের দেশে ফেরার টিকিট কেটে ফেলতে হতে পারে।