তবে প্রথম টেস্টে অজি দলে জায়গা পাননি মার্নাস লাবুশেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওপেন করতে নেমে রান পাননি তিনি। তার জেরেই বাদ পড়তে হয়েছে তাঁকে। পাশাপাশি আঙুলের চোটের কারণে এই টেস্টে নেই স্টিভ স্মিথও।

মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ
শেষ আপডেট: 20 June 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। এবার তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (Australia vs West Indies) তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু করবে পরবর্তী ডব্লিউটিসি (WTC 2025-27) চক্র। দুই দলের মধ্যে ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৫ জুন থেকে। প্রথম ম্যাচটি হবে বার্বাডোজে।
তবে প্রথম টেস্টে অজি দলে জায়গা পাননি মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওপেন করতে নেমে রান পাননি তিনি। তার জেরেই বাদ পড়তে হয়েছে তাঁকে। পাশাপাশি আঙুলের চোটের কারণে এই টেস্টে নেই স্টিভ স্মিথও (Steve Smith)। দলে অন্তর্ভুক্ত করা হয়েছে জশ ইংলিস এবং স্যাম কনস্টাসকে। তবে তিন টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে অবশ্য রয়েছেন লাবুশেন ও স্মিথ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আঙুলে চোট পেয়েছিলেন স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে জানা গিয়েছে, প্রথম টেস্ট না খেললেও পরেরটিতে দেখা যেতে পারে প্রাক্তন এই অজি অধিনায়ককে। ৩ জুলাই থেকে গ্রেনাডায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে চোট সারিয়ে ফিরতে পারেন স্মিথ।
টেস্ট ক্রিকেটে দুই বছর খারাপ পারফরম্যান্সের পর লর্ডসের ফাইনালে লাবুশেনকে ওপেন করতে পাঠানো হয়েছিল। কিন্তু দুই ইনিংসেই ব্যর্থ হন তিনি। করেন মাত্র ১৭ ও ২২ রান।
প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্যাম কনস্টাস, উসমান খোয়াজা, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, শন অ্যাবট, স্কট বোল্যান্ড, জশ হ্যাজলউড, নাথান লিয়ন, ম্যাট কুনেম্যান।
প্রথম টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল:
রোস্টন চেজ (অধিনায়ক), ক্রেগ ব্র্যাথওয়েট, মিকাইল লুইস, ব্র্যান্ডন কিং, জন ক্যাম্পবেল, শাই হোপ, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রিভস, কিসি কার্টি, জোমেল ওয়ারিকান, কেভেলান অ্যান্ডারসন, আলজারি জোসেফ, শামার জোসেফ, জোহান লেইন, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস।