২০০২ সালে এই মাঠে ভারতের তিনটি সেঞ্চুরি হয়েছিল। ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন দ্রাবিড়, যেখানে শচীন করেছিলেন ১৯৩ রান। আর অধিনায়ক সৌরভের ব্যাট থেকে এসেছিল ১২৮ রানের ইনিংস।

টিম ইন্ডিয়ার অনুশীলন
শেষ আপডেট: 20 June 2025 13:15
দ্য ওয়াল ব্যুরো:কাউন্ট ডাউন প্রায় শেষ পর্যায়ে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। লিডসের হেডিংলিতে (Headingley) শুরু হতে চলেছে (India Vs England, First Test) ভারত ও ইংল্যান্ডের (India Vs England) মধ্যে পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচ।
ইংল্যান্ড দল ইতিমধ্যে প্লেয়িং-১১ ঘোষণা করা হলেও মেন ইন ব্লুজের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, টসের সময় ভারতীয় প্লেয়িং-১১ ঘোষণা করা হবে।
লিডসে ভারতের পরিসংখ্যান
লিডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে এখন পর্যন্ত মোট সাতটি টেস্ট খেলা হয়েছে। এর মধ্যে টিম ইন্ডিয়া মাত্র দু’টি টেস্ট জিতেছে। যেখানে ভারতীয় দল হেরেছে চারটিতে। একটি টেস্ট ড্র হয়েছিল। এমন পরিস্থিতিতে শুভমান গিলের জন্য এই চ্যালেঞ্জ সহজ হবে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ২০০২ সালের পর থেকে কোনও ভারতীয় হেডিংলিতে টেস্টে সেঞ্চুরি করতে পারেননি। গত ২৩ বছরের খরা এবার শেষ হবে কি না, তা আগামী পাঁচ দিনের মধ্যেই জানা যাবে।
হেডিংলিতে এখন পর্যন্ত ৬ ভারতীয় সেঞ্চুরি করেছেন
হেডিংলিতে এখনও পর্যন্ত ছয়জন ভারতীয় সেঞ্চুরি করেছেন। এদের মধ্যে রয়েছেন- বিজয় মঞ্জরেকর, টাইগার পতৌদি, দিলীপ ভেঙ্গসরকার, রাহুল দ্রাবিড়, শচীন তেন্ডুলকার এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।
১৯৫২ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিজয় মঞ্জরেকর ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন। ১৯৬৭ সালে একই মাঠে টাইগার পতৌদি ১৪৮ রান করেছিলেন। ১৯৮৬ সালে এখানেই ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভেঙ্গসরকার। ২০০২ সালে এই মাঠে ভারতের তিনটি সেঞ্চুরি হয়েছিল। ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন দ্রাবিড়, যেখানে শচীন করেছিলেন ১৯৩ রান। আর অধিনায়ক সৌরভের ব্যাট থেকে এসেছিল ১২৮ রানের ইনিংস।
২০০২ সালের পর থেকে কোনও ভারতীয় সেঞ্চুরি করতে পারেননি
২০০২-এর পর থেকে এই মাঠে ভারতের কোনও ব্যাটার সেঞ্চুরির দেখা পাননি। ২০০২ সালের পর থেকে এই মাঠে কোনও ভারতীয়ের সেরা স্কোর ৯১ রান। ২০২১ সালের ইংল্যান্ড সফরে যা করেছিলেন চেতেশ্বর পূজারা। ২০২১-এর সেই টেস্টে রোহিত শর্মা ৫৯ এবং বিরাট কোহলি ৫৫ রান করেছিলেন।
বর্তমান দলের এই খেলোয়াড়দের হেডিংলির অভিজ্ঞতা আছে
বর্তমান ভারতীয় দলের মাত্র পাঁচজন খেলোয়াড়ের এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে। এঁদের মধ্যে রয়েছেন কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ। ২০১৪ এবং ২০১৮ সালের ইংল্যান্ড সফরে লিডসে কোনও টেস্ট খেলা হয়নি। ২০২১ সালে, এই পাঁচজন হেডিংলি টেস্টের অংশ ছিলেন। রাহুল সেই ম্যাচে ০, ৮ রানের ইনিংস খেলেন। পন্থ প্রথম ইনিংসে দুই রান এবং দ্বিতীয় ইনিংসে এক রান করতে সক্ষম হন। জাদেজা সেই টেস্টে প্রথম ইনিংসে চার এবং দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেন। সেই টেস্টে বুমরাহ এবং সিরাজ প্রথম ইনিংসে দু’টি করে উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ড সেই টেস্টটি ইনিংস এবং ৭৬ রানে জিতেছিল।