বৃহস্পতিবার ব্রাজিলের ক্লাব বোতাফোগোর কাছে হেরে গিয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি । সারা ম্যাচে ৭৫ শতাংশ বলের দখল রেখেও ফরাসি জায়ান্টরা হেরে গিয়েছে ০-১ গোলে। তবে বৃহস্পতিবার দুরন্ত মেসির নৈপুণ্যে জিতেছে ইন্টার মায়ামি।

লিওনেল মেসি
শেষ আপডেট: 20 June 2025 13:15
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ক্লাব ফুটবলে (FIFA Club World Cup) ঘটে গেল বড় অঘটন। বৃহস্পতিবার ব্রাজিলের ক্লাব বোতাফোগোর কাছে হেরে গিয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি (PSG vs Botafogo)। সারা ম্যাচে ৭৫ শতাংশ বলের দখল রেখেও ফরাসি জায়ান্টরা হেরে গিয়েছে ০-১ গোলে। তবে বৃহস্পতিবার দুরন্ত মেসির নৈপুণ্যে জিতেছে ইন্টার মায়ামি।
ইন্টার মায়ামি বনাম পোর্তো
একই রাতকে অবশ্য মায়াবী করে তুলেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টাইন মহাতারকা ফ্রি-কিক থেকে করেছেন তাঁর ট্রেড মার্ক গোল। আসলে ২০ গজ দূর থেকে ফ্রি-কিক আর মেসি মানেই বল যে জালে যাবে, এমন দৃশ্য প্রায় নিশ্চিত। সেটাই তিনি করেছেন পর্তুগিজ ক্লাব পোর্তোর বিরুদ্ধে। ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে মেসির ক্লাব ইন্টার মায়ামি (Inter Miami vs Porto) জিতেছে ২-১ গোলে।
মেসি ফ্রি-কিকটি নেওয়ার পর প্রতিপক্ষ গোলরক্ষক ক্লদিও রামোস শুধু তাকিয়ে দেখলেন। তাঁর অবশ্য কিছুই করার ছিল না। মেসি তাঁর কেরিয়ারে এরকম গোল অনেকবারই করেছেন।
MESSI MAGIC ONCE AGAIN ☄️🐐
What a free kick from the goat at the FIFA Club World Cup. pic.twitter.com/EiAv4invb8— Major League Soccer (@MLS) June 19, 2025
বিশ্ব ফুটবলের ইতিহাসে সরাসরি ফ্রি-কিকে তৃতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির (৬৮টি) দখলে। বিশ্বফুটবলের যুবরাজের আগে রয়েছেন কেবল জুনিনহো পারনামবুকানো (৭৭) ও ফুটবলের সম্রাট পেলে (৭০)।
ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল পর্তুগিজ ক্লাবটি। আট মিনিটে পেনাল্টি থেকে পোর্তোকে এগিয়ে দেন সামু আগহেহোওয়া। ইন্টার মায়ামি ৪৭ মিনিটে সমতায় ফেরে তরুণ মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়ার গোলে। আর ৫৪ মিনিটে মেসির গোলে শেষ পর্যন্ত জয় তুলে নেয় এমএলএস ক্লাবটি।
এই জয়ে ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো কোনও ইউরোপীয় দলকে হারানোর স্বাদ পেল এমএলএসের কোনও ক্লাব। এখন গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোয় চলে যাবে মেসির দল।
ইন্টার মায়ামির হয়ে এটি ছিল মেসির ৬১তম ম্যাচ। এই ক্লাবের জার্সিতে তিনি এখনও পর্যন্ত গোল করেছেন ৫০টি। মাত্র ২০১৮ সালে যাত্রা শুরু করা ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি।
মেসি এর আগে ক্লাব বিশ্বকাপে খেলেছিলেন বার্সেলোনার জার্সিতে। ক্লাব বিশ্বকাপে তাঁর মোট গোল সংখ্যা ৫, যার মধ্যে ৩টি ছিল ফাইনালে। এই আর্জেন্টাইন মহাতারকা ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে বার্সার হয়ে এই ট্রফি জিতেছিলেন।
সব মিলিয়ে ক্লাব কেরিয়ারে মেসির গোল সংখ্যা এখন ৭৫৪। আর ক্লাব বিশ্বকাপে ৬টি। গ্যারেথ বেল ও করিম বেনজেমারও রয়েছে একই সংখ্যক গোল। সাতটি গোল করে একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছেন মেসির উপরে। তবে এবার মেসির সামনে সুযোগ রয়েছে সিআর সেভেনকে টপকে যাওয়ার।
পিএসজি বনাম বোতাফোগো
এদিকে একই দিনে ক্লাব বিশ্বকাপে ঘটে গেল বড় অঘটন। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি পাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে হেরে গিয়েছে ০-১ গোলে।
ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে প্রথমার্ধের ৩৬ মিনিটে। জেফারসন সাভারিনোর নিখুঁত থ্রু থেকে পিএসজির ডিফেন্স চিরে এগিয়ে যান ইগর জেসুস। উইলিয়ান পাচোকে কাটিয়ে নেওয়ার পর তাঁর নিচু শটটি দোনারুমাকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।
এই জয়ে দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো প্রায় নিশ্চিত করে ফেলেছে বোতাফাগো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে আটলেটিকো মাদ্রিদের। অন্যদিকে, পিএসজিকে শেষ ষোলো নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততেই হবে।