৩০ নভেম্বর রাঁচিতে শুরু সিরিজ। পরের ম্যাচ ৩ ডিসেম্বর রায়পুরে, শেষ খেলা ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে। এরপর ৯ ডিসেম্বর থেকে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ।
_0.jpeg.webp)
কেএল রাহুল
শেষ আপডেট: 23 November 2025 18:58
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। নেতৃত্বে ফিরলেন কেএল রাহুল (KL Rahul)। চোটের কারণে বাইরে থাকা শুভমান গিলের (Shubman Gill) অনুপস্থিতিতে তিনিই অধিনায়কত্ব করবেন। দলে আছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)।
চোটের জেরে গিল টিমে নেই। কলকাতা টেস্টে আঘাত পাওয়ার পর তিনি দ্বিতীয় টেস্টও খেলতে পারেননি। নির্বাচকদের স্পষ্ট বক্তব্য—অতিরিক্ত ঝুঁকি নেওয়া হবে না, ব্যস্ত সূচির কথা মাথায় রেখে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। একইভাবে বাইরে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সিডনির ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পাঁজরে আঘাত পান। প্লীহায় (spleen) ইনজুরি ধরা পড়ায় আইসিইউ পর্যন্ত যেতে হয়। কমপক্ষে দু’মাস বাইরে থাকবেন।
এরই মধ্যে রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) এবং তিলক বর্মা (Tilak Varma)—দু’জনই দলে ফিরেছেন, গিল–আইয়ারের জায়গায়। দক্ষিণ আফ্রিকা ‘এ’–র বিরুদ্ধে রাজকোটে একদিনের সিরিজে দুর্দান্ত খেলেছিলেন রুতুরাজ—সেঞ্চুরি-সহ তিন ম্যাচে ১১৭, ৬৮* এবং ২৫। তিলকও ব্যাট–বল হাতে নজর কাড়েন।
পাশাপাশি রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) কামব্যাক হল ওয়ানডে টিমে। অস্ট্রেলিয়া সফরে ছিলেন না। বদলে বিশ্রাম দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে (Axar Patel)। জাড্ডুর একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল, কিন্তু আগরকর স্পষ্ট করেছেন—তিনি পরিকল্পনার মধ্যেই রয়েছেন।
মূল স্কোয়াডে নেই জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। দু’জনই বিশ্রামে। টানা খেলার বোঝা মাথায় রেখে টি–টোয়াল্ড কাপের আগে সতেজ রাখা জরুরি। অন্যদিকে পিছিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) প্রত্যাবর্তন। ফলত ওয়ানডে সিরিজে ভারতের পেস আক্রমণ সেজে উঠবে—অর্শদীপ সিং (Arshdeep Singh), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ও হর্ষিত রানাকে (Harshit Rana) নিয়ে। অভিজ্ঞতা সীমিত, যা বড় সমস্যা। তবুও পোড়খাওয়া মহম্মদ শামির (Mohammed Shami) জায়গা জোটেনি।
৩০ নভেম্বর রাঁচিতে শুরু সিরিজ। পরের ম্যাচ ৩ ডিসেম্বর রায়পুরে, শেষ খেলা ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে। এরপর ৯ ডিসেম্বর থেকে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ।
ভারতীয় ওয়ানডে দল: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক/উইকেটকিপার), ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।