করুণের এই ইনিংস আসন্ন টেস্ট সিরিজে তাঁর প্রথম একাদশে ঢোকার দাবি অনেকটাই জোরাল করল। ইংল্যান্ডের পরিবেশে বিরাট কোহলির জায়গায় এমন একজন ব্যাটারকে প্রয়োজন যিনি লম্বা ইনিংস খেলতে পারেন।

করুণ নায়ার
শেষ আপডেট: 31 May 2025 18:20
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির অবসরের পর বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় টেস্ট দলের সেকেন্ড ডাউনে অটোমেটিক চয়েজ হওয়া উচিত করুণ নায়ারের (Karun Nair)। ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল্যের পর আইপিএলেও নজর কেড়েছেন। এবার ভারতীয় ‘এ’-এর হয়ে ইংল্যান্ড সফরে গিয়েও তিনি বড় ইনিংস খেলে খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করে স্বস্তির জায়গায় এনে দিয়েছেন।
করুণের এই ইনিংস আসন্ন টেস্ট সিরিজে তাঁর প্রথম একাদশে ঢোকার দাবি অনেকটাই জোরাল করল। ইংল্যান্ডের পরিবেশে বিরাট কোহলির জায়গায় এমন একজন ব্যাটারকে প্রয়োজন যিনি লম্বা ইনিংস খেলতে পারেন। টেস্ট ক্রিকেট ৩০০ রানের ইনিংস রয়েছে করুণের। ঘরোয়া ক্রিকেটেও তিনি প্রচুর লম্বা ইনিংস খেলেছেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে এই ইনিংস করুণকে টেস্ট সিরিজের আগে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
শুক্রবার থেকে ভারতীয় ‘এ’ দল চারদিনের ম্যাচ খেলছে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে (India A vs England Lions)। ম্যাচের প্রথম দিনে করুণ নায়ার ১৮৬ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন ধ্রুব জুড়েল (৮২ রানে)। পাশাপাশি প্রথম দিন সরফরাজ খান ৯২ রান করে নির্বাচকদের বার্তা দিয়েছিলেন।
দ্বিতীয় দিন শুরুতেই নিজের ডাবল সেঞ্চুরিটি (Double Century) পেয়ে যান নায়ার। অবশ্য লাঞ্চের আগেই ২০৪ রান করে আউট হয়ে যান তিনি। অল্পের জন্য শতক মিস করেছেন জুড়েলও। তিনি করেন ৯৪ রান। তবে রান পাননি নীতীশকুমার রেড্ডি (৭)। শার্দূল ঠাকুর করেন ২৭ রান। দ্বিতীয় দিন সাত উইকেট হারিয়ে ৫৩৩ রান করে লাঞ্চে যায় ইন্ডিয়া ‘এ’।
ক্যান্টারবারিতে শুক্রবার ম্যাচের প্রথম দিনে করুণ এবং সরফরাজের জুটিতে ওঠে ১৮১ রান। এরপর ধ্রুব জুড়েলের সঙ্গে নায়ার অপরাজিত ১৭৭ রান যোগ করেন। প্রথম দিন শেষে ভারতীয় ‘এ’ দলের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ৪০৯ রান। অবশ্য প্রথম ইনিংসে রান পাননি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৮ রান)। ভাল শুরু করেও ২৪ রান করে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল।