আইসিসি সূত্রে জানা গিয়েছে, ওয়ানডেতে বোলিং, ডিআরএস, কনকাশন সাবস্টিটিউট এবং বাউন্ডারি ক্যাচ সম্পর্কিত নিয়মে পরিবর্তন আনা হচ্ছে।
_0.png.webp)
আইসিসি
শেষ আপডেট: 31 May 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: আগামী মাস থেকেই বেশ কিছু নিয়মের পরিবর্তন দেখা যাবে বাইশ গজের দুনিয়ায় (Cricket)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এদিন জানিয়েছে, খেলায় উত্তেজনা এবং ভারসাম্য বৃদ্ধির জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে তারা। এই নতুন নিয়মগুলি (New Rules) ২০২৫ সালের জুন (June 2025) থেকে কার্যকর হবে, যা সীমিত ওভারের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও কার্যকারী হবে।
আইসিসি সূত্রে জানা গিয়েছে, ওয়ানডেতে বোলিং, ডিআরএস, কনকাশন সাবস্টিটিউট এবং বাউন্ডারি ক্যাচ সম্পর্কিত নিয়মে পরিবর্তন আনা হচ্ছে।
নতুন নিয়মে ওয়ানডেতে বোলাররা স্বস্তি পাবেন:
সাম্প্রতিক বছরগুলিতে ব্যাটাররা সীমিত ওভারের ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছে। এই ভারসাম্যহীনতা দূর করতে, আইসিসি ওয়ানডেতে দু’টি নতুন বল ব্যবহারের নিয়ম সংশোধন করেছে। এতদিন উভয় প্রান্ত থেকে দু’টি নতুন বল ব্যবহার করা হতো। যার কারণে বোলাররা সুইং এবং রিভার্স সুইংয়ের সুবিধা ঠিকমতো পাচ্ছিলেন না। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের প্রথম ৩৪ ওভারে দু’টি বল ব্যবহার করা হবে।তবে ৩৫তম ওভার থেকে ৫০তম ওভার পর্যন্ত কেবল একটি বল ব্যবহার করা হবে।
৩৫তম ওভার থেকে ফিল্ডিং দলকে দু’টি ব্যবহৃত বলের মধ্যে একটি বেছে নিতে হবে, যা তারপর উভয় প্রান্ত থেকে ব্যবহার করা হবে। যদি ম্যাচের মোট ওভার ২৫ ওভারের কম হয়, তাহলে প্রতিটি ইনিংসে শুধুমাত্র একটি বল ব্যবহার করা হবে।
এই পরিবর্তনটি ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে ওয়ানডে সিরিজ থেকে কার্যকর হবে।
কনকাশন বিকল্প নিয়মের স্বচ্ছতা:
কনকাশন সাবস্টিটিউট সম্পর্কেও একটি নতুন বিধানও করা হয়েছে। এবার থেকে প্রতিটি দলকে ম্যাচের আগে রেফারির কাছে সম্ভাব্য পাঁচজন বদলি খেলোয়াড়ের একটি তালিকা দিতে হবে। তালিকায় থাকবেন একজন উইকেটরক্ষক, একজন ব্যাটার, একজন ফাস্ট বোলার, একজন স্পিনার এবং একজন অলরাউন্ডার। একাদশে স্বচ্ছতা আনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া মসৃণ করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে।
বাউন্ডারি, ক্যাচ এবং ডিআরএস-এ পরিবর্তনের প্রস্তুতি চলছে:
আইসিসি শীঘ্রই সমস্ত ক্রিকেট বোর্ডকে বাউন্ডারি লাইনে নেওয়া ক্যাচ এবং ডিআরএস প্রোটোকলের পরিবর্তন সম্পর্কে নির্দেশিকা জারি করবে। তবে, টেস্ট ক্রিকেটে এই সমস্ত নতুন নিয়ম ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমাপ্তির পরে প্রযোজ্য হবে।