আমি নির্বাচন করি না, এবং এখন কী বলব জানি না। কোনও শব্দ নেই, আমি মন্তব্য করতে চাই না, এবং আমার পক্ষে উত্তর দেওয়া কঠিন। আপনাদের নির্বাচকদের জিজ্ঞাসা করা উচিত, তারা কী ভাবছেন।
.png.webp)
করুণ নায়ার
শেষ আপডেট: 26 September 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো: ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ (India-West Indies Test Series)। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে আট বছর পর প্রত্যাবর্তন করেছিলেন মিডল-অর্ডার ব্যাটার করুণ নায়ার। কিন্তু ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে তাঁর জায়গা হয়নি। এই বিষয়ে নায়ার তাঁর নীরবতা ভেঙে বলেছেন (Karun Nair brakes silence), কেবল নির্বাচকরাই উত্তর দিতে পারবেন।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বৃহস্পতিবার ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। শুভমান গিলকেই নেতৃত্বে রেখে ঋষভ পন্থের অবর্তমানে তাঁর ডেপুটি করা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। এই সিরিজের জন্য নির্বাচকরা করুণের জায়গায় দেবদত্ত পাডিক্কালকে সুযোগ দিয়েছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে করুণ প্রত্যাশা অনুযায়ী ভাল পারফর্ম করতে পারেননি। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে অর্ধশতক হাঁকানো ছাড়া করুণের ব্যাট থেকে রান আসেনি। প্রতিটি ইনিংসেই তিনি ভাল শুরু করলেও লুজ বলে উইকেট ছুড়ে দিয়ে আউট হয়েছেন। তিনি চারটি ম্যাচে ২৫.৬২ গড়ে ২০৫ রান করেছিলেন।
দল ঘোষণার পর একটি সংবাদপত্রের সঙ্গে কথা বলতে গিয়ে করুণ বলেন, "আমি নির্বাচন করি না, এবং এখন কী বলব জানি না। কোনও শব্দ নেই, আমি মন্তব্য করতে চাই না, এবং আমার পক্ষে উত্তর দেওয়া কঠিন। আপনাদের নির্বাচকদের জিজ্ঞাসা করা উচিত, তারা কী ভাবছেন। আমি কেবল এটুকু বলতে পারি যে, আমি শেষ টেস্টে অর্ধশতক করেছিলাম। এবং প্রথম ইনিংসে সেটাই ছিল একমাত্র অর্ধশতক। আমার মনে হয়, আমি দলের জন্য অবদান রেখেছি, বিশেষ করে শেষ ম্যাচে, যেটি আমরা জিতেছিলাম। কিন্তু হ্যাঁ, এটাই। এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ নয়।"
প্রধান নির্বাচক অজিত আগারকরও করুণের বাদ পড়ার বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, "সত্যি বলতে, আমরা করুণের কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম। সে চারটি টেস্ট ম্যাচ খেলেছে, কিন্তু আমরা একটি ইনিংসের কথা বলছি। আমরা মনে করি, এই মুহুর্তে পাডিক্কাল আরও ভাল বিকল্প হবে। আমরা সবাইকে যদি ১৫ বা ২০টি টেস্ট খেলার সুযোগ দিতে পারতাম, দুর্ভাগ্যবশত সেটি সম্ভব হয় না।"