২০২২ সালে চেন্নাই সুপার কিংসে আইপিএল অভিষেক পথিরানার। হলুদ জার্সিতে ৩২ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন। তবে ২০২৫ সালে ১২ ম্যাচে ইকোনমি ছিল ১০.১৪—যা নিয়ে সমর্থকদের অনেকে কিছুটা হলেও উদ্বেগে।

মাথিশা পথিরানা
শেষ আপডেট: 20 March 2026 11:35
দ্য ওয়াল ব্যুরো: একদিকে হর্ষিত রানার (Harshit Rana) হাঁটুর চোট, অন্যদিকে পথিরানাকে নিয়ে অনিশ্চয়তা—আইপিএল শুরুর আগে কেকেআরের পেস বিভাগে যে সংকট তৈরি হয়েছিল, তাতে কিছুটা স্বস্তির হাওয়া বইল। শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করেছে, মাথিশা পথিরানা (Matheesha Pathirana) রিহ্যাব শেষ করে আপাতত ম্যাচ-ফিট। যে কারণে পেয়েছেন আইপিএলে যোগ দেওয়ার ছাড়পত্রও। তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে এটা বড়সড় রেহাই।
পথিরানার চোট ও সুস্থতার গল্প
টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিং চোট পান পথিরানা। সেই চোটেই বাকি টুর্নামেন্ট মিস করেন আর শ্রীলঙ্কাও সুপার এইটে থেকেই বিদায় নেয়। তারপর থেকেই প্রশ্ন ছিল—আদৌ আইপিএলে খেলতে পারবেন? যার জেরে টিকিট বুক হচ্ছিল, বাতিল হচ্ছিল। এই টানাটানি এখন শেষ। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব বন্দুলা দিসানায়াকে পিটিআইকে বলেন, ‘যতদূর জানি, পথিরানা ফিট। আইপিএলে যোগ দেওয়ার এনওসি দেওয়া হয়েছে!’ তবে এখনও কেকেআর নিজেরা পরীক্ষা করে দেখবে—তারপর চূড়ান্ত সিদ্ধান্ত।
কবে দলে যোগ দেবেন পথিরানা, নিশ্চিত নয়। ২৫ মার্চ কেকেআর মুম্বইয়ের উদ্দেশে রওনা হবে। ২৯ মার্চ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ।
পেস বিভাগে একের পর এক ধাক্কা
পথিরানার সুখবরের আগে পরিস্থিতি ছিল উদ্বেগজনক। হর্ষিত রানা বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে অস্ত্রোপচার করিয়েছেন। ফেরার কোনও স্পষ্ট তারিখ নেই। অন্যদিকে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছেড়ে দিতে হয়েছে। বিকল্প জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানি (Blessing Muzarabani)। পিএসএল ছেড়ে যিনি চুক্তিতে সই করে কেকেআরে এসেছেন। বিশ্বকাপে ১৩ উইকেট নেওয়া এই পেসার আইপিএল অভিষেকের অপেক্ষায়।
২০২২ সালে চেন্নাই সুপার কিংসে আইপিএল অভিষেক পথিরানার। হলুদ জার্সিতে ৩২ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন। তবে ২০২৫ সালে ১২ ম্যাচে ইকোনমি ছিল ১০.১৪—যা নিয়ে সমর্থকদের অনেকে কিছুটা হলেও উদ্বেগে। লঙ্কান পেসার অবশ্য কেকেআরের জার্সিতে মাঠেই নিজেকে প্রমাণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, আইপিএলের প্রথম দফায় নাইট বাহিনী চারটি ম্যাচ খেলবে—২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স (অ্যাওয়ে), ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, ৬ এপ্রিল পাঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস—শেষ তিনটি ইডেন গার্ডেন্সে।