অনুশীলনের ঝলক যদি আসল লড়াইয়ের ন্যূনতম প্রতিফলন হয়, তাহলে নিশ্চিতভাবে কেকেআর অনুরাগীরা এবার অন্য রাহানেকে দেখতে চলেছেন।

অজিঙ্ক রাহানে
শেষ আপডেট: 24 March 2026 12:33
দ্য ওয়াল ব্যুরো: সমালোচনার জবাব কথায় নয়, ব্যাটে দিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আইপিএল (IPL 2026) শুরুর আগে কেকেআরের (Kolkata Knight Riders) আন্তঃদলীয় অনুশীলন ম্যাচে মাত্র ২৫ বলে ৫৮ রান করলেন। সমালোচকরা যখন ক্রমাগত তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, তখন এই ইনিংস হয়ে উঠল দাপুটে প্রত্যুত্তর।
সমালোচনার মুখে আগ্রাসী রাহানে
গত মরসুম কেকেআরের জন্য ছিল হতাশার। ১৪ ম্যাচে মাত্র পাঁচখানা জয়। পয়েন্ট টেবিলে আট নম্বরে। মর্মান্তিক ব্যর্থতার পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস বদ্রীনাথ (S Badrinath) সরাসরি জানিয়ে দেন, রাহানে দলের ‘দুর্বল অংশ’! অভিযোগ ওঠে কৌশলগত সিদ্ধান্ত, বিশেষ করে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) স্পিনারদের কাজে লাগানো নিয়েও।
তবু ফ্র্যাঞ্চাইজি রাহানের উপর ভরসা রেখেছে। এবারের টুর্নামেন্টেও তিনিই অধিনায়ক। আর গতকালের অনুশীলন ম্যাচে সেই বিশ্বাসের প্রতিদান দিলেন ব্যাট হাতে।
ব্যাটে ঝড়, সঙ্গী গ্রিন-অ্যালেন
রাহানের ইনিংসে শুধু রান নয়, ছিল স্পষ্ট বার্তা। বোলারদের উপর চড়াও হয়েছেন, খেলার গতি নিজের হাতে রেখেছেন। যে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেটা যে ভুল, কাজে করে দেখালেন!
পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনও (Cameron Green) নজর কেড়েছেন। ৩০ বলে ৫২ রান। জুড়িদার ফিন অ্যালেন (Finn Allen)। তিনিও দ্রুত রান করলেন, আউট হলেন সৌরভ দুবের (Saurabh Dubey) বলে। আকাশ দীপের (Akash Deep) বদলি হিসেবে দলে আসা দুবে বল হাতে আশা জাগিয়েছেন। সব মিলিয়ে আন্তঃদলীয় ম্যাচে কেকেআরের ব্যাটিং বিভাগ রীতিমতো আগুনে ফর্মে।
এবার ঘুরে দাঁড়ানোর পালা
গত সিজনে ব্যক্তিগতভাবে খারাপ খেলেননি রাহানে। ৩৯০ রান তোলেন। দলের মধ্যে সর্বোচ্চ। কিন্তু ফলাফল খারাপ হলে অধিনায়কের ঘাড়ে চাপ আসে। কথাটা হাড়েহাড়ে বুঝেছেন, এবার সেখান থেকে শিক্ষা নিয়ে মাঠে নামবেন।
কেকেআরের প্রথম ম্যাচ ২৯ মার্চ, মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে। ভেন্যু ওয়াংখেড়ে (Wankhede Stadium)। তারপর ২ এপ্রিল ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে লড়াই। অনুশীলনের ঝলক যদি আসল লড়াইয়ের ন্যূনতম প্রতিফলন হয়, তাহলে নিশ্চিতভাবে কেকেআর অনুরাগীরা এবার অন্য রাহানেকে দেখতে চলেছেন।