এমনিতে মুম্বই ইন্ডিয়ানস চিরকাল মন্থর শুরু করে—পুরনো সমস্যা। এবার সেই ভুল করলে ফ্যাসাদ বাড়বে। কিন্তু মাঠে নামার আগে মুম্বই ড্রেসিংরুমের অঙ্কই আপাতত সবার নজর কাড়ছে।
.jpeg.webp)
হার্দিক পাণ্ডিয়া
শেষ আপডেট: 23 March 2026 18:36
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরু হতে মাত্র কয়েক দিন বাকি। আর তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ড্রেসিংরুমে উঁকি মারছে অস্বস্তিকর প্রশ্ন—এবার অধিনায়ক কে? হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), নাকি সদ্য বিশ্বকাপজয়ী সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)?
‘সূর্যই হোক অধিনায়ক’
ভারতীয় দলের প্রাক্তন ভারত তারকা ও নির্বাচক কমিটির ভূতপূর্ব চেয়ারম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth) সরাসরি তাঁর মত রেখেছেন। ইউটিউব শো ‘চিকি চিকা’য় সাফ জানিয়েছেন—সূর্যকুমার যাদবই এখন মুম্বইয়ের অধিনায়ক হওয়ার যোগ্যতম মুখ। মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতিয়েছেন। জানেন কীভাবে বড় টুর্নামেন্টে দল পরিচালনা করতে হয়। সেক্ষেত্রে আইপিএলে কেন ব্রাত্য থাকবেন?
শ্রীকান্তের কথায়, ‘এটা অদ্ভুত পরিস্থিতি। দু’বছর আগে রোহিত শর্মা বিশ্বকাপ জিতিয়েছিল। এবার সূর্যকুমার। আর হার্দিক? দুজনের অধীনে খেলে বিশ্বকাপ হাতে তুলেছে। নিঃসন্দেহে দারুণ ক্রিকেটার, ভাল অধিনায়কও। কিন্তু এই মুহূর্তে বাইরে থেকে যা দেখছি, তাতে পছন্দ সূর্যকুমার!’
সমাধান কোথায়? শ্রীকান্তের মতে, হার্দিককেই এগিয়ে আসতে হবে। নিজে থেকে বলতে হবে—‘সূর্য নেতৃত্ব দিক!’ তাহলেই ড্রেসিংরুমের যাবতীয় জট যাবে খুলে।
শুরু থেকেই বিতর্কে মুম্বইয়ের নেতৃত্ব
২০২৪ সালে গুজরাত টাইটানস (Gujarat Titans) থেকে ফিরে হার্দিক মুম্বইয়ের হাল ধরেন। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে। সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি বড় অংশের সমর্থক। খোদ ওয়াংখেড়েতে হার্দিককে বিদ্রূপ শুনতে হয়েছিল! মাঠের পারফরম্যান্সও তথৈবচ। প্রথম সিজন দশে শেষ। গত মরসুমে কোনওরকমে প্লে-অফে উঠে বিদায়। সাম্প্রতিক ফলাফল তাঁর পালে হাওয়া জোগাবে না। আপাতত টেবিলে তিন নাম—হার্দিক, সূর্যকুমার, রোহিত। নেতৃত্বের প্রশ্নে ঘরে ঘরে আলোচনা। ফ্র্যাঞ্চাইজি এখনও মুখ খোলেনি। কিন্তু বাইরে থেকে চাপ বাড়ছে।
রোহিতের ব্যাটে নজর, লক্ষ্য বিশ্বকাপ
শুধু অধিনায়কত্ব নয়, মুম্বই শিবিরে আরেক আকর্ষণ রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু ওয়ানডে খেলছেন। ফিটনেসে জোর দিয়েছেন গত বছর থেকে। আইপিএলে ব্যাট হাতে ঝলক দেখাতে চাইবেন। এই মুহূর্তে দরকার—দুরন্ত ব্যাটিং, সেই সঙ্গে ক্ষিপ্র ফিল্ডিং! ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে (ODI World Cup 2027) সুযোগ পেতে আইপিএলকে কাজে লাগাতেই হবে।
এমনিতে মুম্বই ইন্ডিয়ানস চিরকাল মন্থর শুরু করে—পুরনো সমস্যা। এবার সেই ভুল করলে ফ্যাসাদ বাড়বে। কিন্তু মাঠে নামার আগে মুম্বই ড্রেসিংরুমের অঙ্কই আপাতত সবার নজর কাড়ছে।