সূচি মেনে নতুন ‘অনুশীলন নির্দেশিকা’ও এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে। ম্যাচের দিন কোনও দলই মাঠে ট্রেনিং করতে পারবে না। একটি টিম নির্ধারিত সময়ের আগেই অনুশীলন শেষ করলে, সেখানেই ইতি!

গতকালের মিটিং
শেষ আপডেট: 26 March 2026 10:55
দ্য ওয়াল ব্যুরো: ২৮ মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ম্যাচ দিয়ে শুরু আইপিএল ২০২৬। তার আগে বুধবার মুম্বইয়ে বসল বিশেষ বৈঠক। সভাপতিত্ব করেছেন বিসিসিআইয়ের ম্যাচ রেফারি প্যানেলের প্রধান জাভাগাল শ্রীনাথ (Javagal Srinath) ও আইসিসির এলিট আম্পায়ার প্যানেলের ভারতীয় প্রতিনিধি নীতিন মেনন (Nitin Menon)। বোর্ডের (BCCI) সদর দফতরে দশটি দলের অধিনায়কদের নিয়ে প্রি-সিজন ব্রিফিং। আলোচনায় উঠে এল ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, বল বদলের প্রস্তাব ও ম্যাচের দিন অনুশীলনের নতুন নির্দেশিকা সংক্রান্ত একগুচ্ছ বিষয়।
‘ইমপ্যাক্ট প্লেয়ার রুল’ বজায় থাকবে
বৈঠকের সবচেয়ে বড় ইস্যু বিষয় ছিল ‘ইমপ্যাক্ট প্লেয়ার রুল’ (Impact Player Rule)। ২০২৩ সাল থেকে চালু এই নিয়মে যে কোনও সময়ে একজন খেলোয়াড়কে বদলি নামানো যায়। বেশিরভাগ অধিনায়কই বিরুদ্ধে মত দিয়েছেন। তাঁদের বক্তব্য—এর ফলে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য নষ্ট হচ্ছে। ফল ভুগছেন অলরাউন্ডাররা। কিন্তু বিসিসিআই অনড়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৭ সিজন শেষ হওয়ার আগে নিয়মটি পর্যালোচনা করা হবে না। অর্থাৎ, এবারের আইপিএলেও (IPL 2026) নিয়মটা বলবৎ থাকছে। অধিনায়কদের আপত্তি শোনা হয়েছে, কিন্তু মানা হয়নি।
আলোচনায় আরেকটি লক্ষ্যণীয় দিক, প্রথমবারের মতো সব অধিনায়কই ভারতীয়! প্যাট কামিন্সের (Pat Cummins) অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদের স্ট্যান্ড ইন দলনেতা ঈশান কিষাণ (Ishan Kishan)। অন্যদের মধ্যে ছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), শুভমান গিল (Shubman Gill) ও ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)।
বল বদলের প্রস্তাবও মানা হয়নি
বৈঠকে কোনও এক অধিনায়ক একটি নতুন প্রস্তাব দেন। বর্তমানে দ্বিতীয় ইনিংসের দশ ওভার পর শিশিরের কারণে বল পিচ্ছিল হয়ে গেলে বদলানো যায়। আর্জি ওঠে—একই সুবিধা প্রথম ইনিংসেও দেওয়া হোক। যদিও বিসিসিআই সেই প্রস্তাব বাতিল করেছে। যুক্তি—শিশির মূলত রাতের ম্যাচে দ্বিতীয় ইনিংসেই বেশি পড়ে। তাই চালু নিয়ম যুক্তিসঙ্গত, যা এবারও লাগু থাকবে।
ম্যাচের দিন অনুশীলন বন্ধ, ওভার রেটে কড়াকড়ি
সূচি মেনে নতুন ‘অনুশীলন নির্দেশিকা’ও এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে। ম্যাচের দিন কোনও দলই মাঠে ট্রেনিং করতে পারবে না। একটি টিম নির্ধারিত সময়ের আগেই অনুশীলন শেষ করলে, সেখানেই ইতি! বাকি সময় প্রতিপক্ষ দল চাইলেও সেই পিচ ব্যবহারের অনুমতি জুটবে না। নয়া নিয়মের মূল লক্ষ্য—পিচের ক্ষয় কমানো ও সব ভেন্যুতে সমান পরিবেশ নিশ্চিত করা। আলোচনা শেষে ওভার রেট নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে। খেলার গতি ধরে রাখার দায় অধিনায়কদের। ধীরগতিতে খেললে শাস্তির মুখে পড়তে হতে পারে।