গ্রিনের এই প্রতিক্রিয়া শুধু মেজাজের প্রশ্ন নয়—এর পিছনে রয়েছে ফর্মের চাপ। আইপিএলে এত টাকায় কেনা মানে প্রত্যাশার পাহাড়।

ক্যামেরন গ্রিন
শেষ আপডেট: 18 March 2026 15:45
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরু হতে মাত্র দু’সপ্তাহ বাকি। কলকাতা নাইট রাইডার্স তাদের সবচেয়ে বড় বাজি ধরেছে ক্যামেরন গ্রিনের (Cameron Green) উপর। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে আইপিএল ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে কেকেআর (Kolkata Knight Riders)। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ছন্দপতন! দিচ্ছিলেন সাক্ষাৎকার। তার মাঝপথে মেজাজ হারিয়ে উঠে চলে গেলেন গ্রিন। যার জেরে উঠেছে প্রশ্ন: মাঠের বাইরে সওয়ালের বাউন্সার সামলানোর ধক নেই যাঁর, তিনি ময়দানের লড়াই সামলাতে কতটা প্রস্তুত?
কী হয়েছিল সিডনিতে?
সোমবার সিডনিতে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ম্যাচের তৃতীয় দিন শেষে ড্রেসিংরুমের বাইরে অপেক্ষায় ছিলেন অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দ্য এজ’-এর প্রধান ক্রীড়া সাংবাদিক টম ডিসেন্ট। তিনি সওয়াল-জবাব চলাকালীন গ্রিনকে প্রথমে জিজ্ঞেস করেন সাম্প্রতিক সেঞ্চুরি নিয়ে। স্বাভাবিক উত্তর আসে— ‘দুর্দান্ত অনুভূতি। প্রথম তিনদিন ভাল খেলেছি, কাল জিতব আশা করি!’ কিন্তু লোপ্পা ফুলটসের পরের প্রশ্নেই গুগলি… ওই সেঞ্চুরির আগের ফর্ম না থাকা নিয়ে। যা শোনামাত্র গ্রিন থেমে গেলেন। তারপর বলে উঠলেন, ‘এই প্রশ্নের উত্তর দেব না। পরের প্রশ্ন করুন!’
সাংবাদিক সাক্ষাৎকার শেষ করে ফিরে যাচ্ছিলেন। সেই সময় গ্রিন নাকি বিড়বিড় করে ওঠেন, ‘সময়ের অপচয়!’ পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সহকারী কোচ বো ক্যাসন সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছেন গ্রিনের হয়ে।
ফর্ম নিয়ে কতটা চিন্তা?
গ্রিনের এই প্রতিক্রিয়া শুধু মেজাজের প্রশ্ন নয়—এর পিছনে রয়েছে ফর্মের চাপ। আইপিএলে এত টাকায় কেনা মানে প্রত্যাশার পাহাড়। তার উপর কেকেআর এই মরসুমে আন্দ্রে রাসেলের অবসরের পরে গ্রিনকে সেই ‘ডুয়াল ইম্প্যাক্ট’ ভূমিকায় দেখতে চাইছে—যিনি ব্যাট ও বল দুটোতেই প্রভাব ফেলবেন। সাম্প্রতিক সেঞ্চুরি আশার আলো দেখাচ্ছে ঠিকই। কিন্তু তার আগের ধারাবাহিক ছন্দপতন ও সাক্ষাৎকারে এই বদমেজাজ—দুটো মিলিয়ে সংশয় কিন্তু মুছছে না।
কেকেআরের জন্য কী দাঁড়াল?
২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল শুরু করবে কেকেআর। হর্ষিত রানার চোট, মুস্তাফিজের অনুপস্থিতি—পেস বিভাগ আগে থেকেই চাপে আছে। এই পরিস্থিতিতে গ্রিনের ব্যাটিং ও বোলিং দুটোই নির্ভরযোগ্য না হলে সমস্যা বাড়বে। উল্লেখ্য, তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর এবারের নিলামে গ্রিনের পাশাপাশি রচিন রবীন্দ্র, মাথিশা পথিরানা ও ব্লেসিং মুজারবানিকেও দলে নিয়েছে। তা সত্ত্বেও পুরো মরসুমে গ্রিনের ফর্ম ও মানসিকতাই কেকেআর কতটা এগোতে পারবে—ঠিক করে দিতে পারে।