এবারের আইপিএল মরসুম শুরু হচ্ছে ২৮ মার্চ। অর্থাৎ, মালিক পাল্টানোর আগেই মাঠের লড়াই জমে উঠবে।

গতবারের বিজয়ী আরসিবি
শেষ আপডেট: 18 March 2026 14:45
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL) দুটো বড় দল একই সময়ে বিক্রির পথে। একদিকে আরসিবি (Royal Challengers Bengaluru), অন্যদিকে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। দুটো ফ্র্যাঞ্চাইজির দখল নিতে দুনিয়ার কিছু বড় বিনিয়োগকারী ও কনসোর্শিয়াম ইতিমধ্যে মাঠে নেমেছে। মার্চের শেষ দিন—৩১ তারিখ—দু’ক্ষেত্রেই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাব্য ডেডলাইন।
আরসিবির দাম ২০০ কোটি ডলার ছাড়াবে?
‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’র খবর, আরসিবি কেনার দৌড়ে শেষ পর্যায়ে রয়েছে দুই শিবির। প্রথমটি সুইডিশ প্রাইভেট ইকুইটি সংস্থা ইকিউটি (EQT)—যারা প্রায় ২০০ কোটি ডলার পর্যন্ত বিড করেছে বলে জানা যাচ্ছে। দ্বিতীয় পক্ষ একটি কনসোর্শিয়াম—মণিপাল হসপিটালসের রঞ্জন পাই, মার্কিন প্রাইভেট ইকুইটি সংস্থা কেকেআর (KKR) ও সিঙ্গাপুরের বিনিয়োগ গোষ্ঠী তেমাসেক।
আগ্রহ দেখিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার ও আদার পুনাওয়ালা। কিন্তু তাঁরা দৌড় থেকে সরে গিয়েছেন। গ্লেজাররা ১৮০ কোটি ডলারের নন-বাইন্ডিং অফার রেখেছিলেন। বর্তমান মালিক ডায়াজিও গ্রুপ ৩১ মার্চের মধ্যে চুক্তি সম্পন্ন করতে চাইছে।
রাজস্থান রয়্যালসে আর্সেলর মিত্তালের নজর
রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে প্রতিযোগিতা আরও জমে উঠেছে। ‘মানিকন্ট্রোলে’র রিপোর্ট বলছে, ইস্পাত জায়ান্ট আর্সেলর মিত্তালের (ArcelorMittal) প্রমোটার পরিবার—সিইও আদিত্য মিত্তালের নেতৃত্বে—ফ্র্যাঞ্চাইজি কেনার কথা ভাবছে। বোস্টন সেলটিক্সে বিনিয়োগের পর ভারতের দিকে চোখ ফিরিয়েছে এই পরিবার। পাশাপাশি আদিত্য বিড়লা গ্রুপ ও মার্কিন বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার মিলে একটি কনসোর্শিয়াম হিসেবে বাইন্ডিং বিড দিয়েছেন। মোট চারটি পক্ষ বাইন্ডিং প্রস্তাব জমা দিয়েছে বলে সূত্রের খবর।
বিড রয়েছে ১১০ কোটি থেকে ১৩৫ কোটি ডলারের মধ্যে। আগে শুধু সংখ্যাগরিষ্ঠ অংশ বিক্রির কথা ভাবা হলেও এখন পুরো স্বত্ব বিক্রিতেও আপত্তি নেই বলে জানা যাচ্ছে। সমস্ত প্রক্রিয়া তত্ত্বাবধান করছে রেইন গ্রুপ—যারা ‘দ্য হান্ড্রেডে’র ফ্র্যাঞ্চাইজি বিক্রিও সামলেছিল।
আইপিএল সম্পদের মূল্য আকাশছোঁয়া
২০০৮ সালের প্রথম আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস সীমিত বাজেটে বড় দলগুলোর সঙ্গে লড়াইয়ের জন্য পরিচিত। আর আরসিবি সদ্য প্রথম আইপিএল শিরোপা জিতেছে। এই দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলের প্রক্রিয়া বলে দিচ্ছে, আইপিএলের বাণিজ্যিক মূল্য এখন বিশ্বের যে কোনও লিগের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে।
উল্লেখ্য, এবারের আইপিএল মরসুম শুরু হচ্ছে ২৮ মার্চ। অর্থাৎ, মালিক পাল্টানোর আগেই মাঠের লড়াই জমে উঠবে।