দেশের খেলোয়াড়দের মধ্যে বড় নাম নেই বললেই চলে। বেশিরভাগ তারকাকেই ধরে রেখেছে তাঁদের নিজেদের ফ্র্যাঞ্চাইজি। তাই ২ কোটির বেস প্রাইস ক্যাটাগরিতে মাত্র দুই ভারতীয়।

ক্যামেরন গ্রিন
শেষ আপডেট: 2 December 2025 11:38
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ পেল আইপিএল ২০২৬ নিলামের (IPL Auction) প্রাথমিক রেজিস্ট্রেশন তালিকা। মোট নাম ১,৩৫৫। লম্বা এই লিস্টিতে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু মাত্র এক জন—অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। চোটের কারণে ২০২৫ সালের মেগা অকশনে ছিলেন না। এবার তাই তাঁকে ঘিরেই সবচেয়ে বেশি খোঁজখবর, কৌতূহল আর জল্পনা।
রিপোর্ট অনুযায়ী, সোমবার ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে পৌঁছে যাবে সরকারি তালিকা। ১০টি দল মিলিয়ে ফাঁকা জায়গা ৭৭টি। আর যেহেতু স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন রাখা যায়, তাই এবার নিলামে সর্বোচ্চ ৩১ জন নতুন খেলোয়াড় নিতে পারবে দলগুলো। ফলে লম্বা তালিকা হলেও লড়াইটা সীমিত স্লট নিয়ে।
দেশের খেলোয়াড়দের মধ্যে বড় নাম নেই বললেই চলে। বেশিরভাগ তারকাকেই ধরে রেখেছে তাঁদের নিজেদের ফ্র্যাঞ্চাইজি। তাই ২ কোটির বেস প্রাইস ক্যাটাগরিতে মাত্র দুই ভারতীয়—অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) এবং লেগ-স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। প্রথমজনকে আগের অকশনে রাইট-টু-ম্যাচে ২৩.৭৫ কোটিতে আটকে রেখেছিল কেকেআর। আর বিষ্ণোইকে ছেড়েছে লখনউ সুপার জায়ান্টস। দু’জনকেই ঘিরে বিডিং যুদ্ধে নামতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
বিদেশি তারকাদের তালিকায় গ্রিন ছাড়াও নজর কাড়ছে একাধিক নাম। যেমন—শ্রীলঙ্কার তরুণ পেসার মাতীশা পতিরানা (Matheesha Pathirana), যাঁকে গতবার ১৩ কোটিতে কিনেও ছেড়ে দিয়েছে সিএসকে; ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone); দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ড্যারিল মিচেল (Daryl Mitchell); নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (Devon Conway) বা কাইল জেমিসন (Kyle Jamieson); বাংলাদেশের মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)।
আইপিএলের হিসেব বলছে, যে দলে বেশি বাজেট থাকে, তারাই বড় বিডে এগোয়। তাই কেকেআরের (KKR) ঝুলিতে থাকা ৬৪.৩ কোটি আর সিএসকের (CSK) হাতে থাকা ৪৩.৪ কোটি—দুই দলই গ্রিনের জন্য বিডিং ওয়ারে নামতে পারে বলে ধারণা। দীর্ঘদেহী অজি অলরাউন্ডারকে পাওয়া মানে ব্যাট-বল দু’দিকেই শক্তিবৃদ্ধি।
আরও একটি বড় তথ্য—অস্ট্রেলিয়ার তারকা গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) তালিকায় নেই। গতবার পাঞ্জাব কিংস তাঁকে ৪.২ কোটিতে নিয়েছিল। এবার নিলামে নাম না দেওয়ার কারণ এখনও জানাননি তিনি। ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসবে আইপিএল ২০২৬-এর মিনি অকশন।