প্রসঙ্গত, শুধুমাত্র দুই দলই আর্থিক পুরস্কার পাবে না। প্লে-অফে ওঠা সমস্ত দলের কপালে লক্ষ্মীলাভ বাঁধা। গুজরাত টাইটানস, যারা এলিমিনেটরে ছিটকে যায়, পাবে ৬ কোটি ৫০ লক্ষ টাকা। মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত হলেও খালি হাতে ফিরছেন না হার্দিক পান্ডিয়ারাও। পকেটে ঢুকবে ৭ কোটি।

শ্রেয়স ও রজত
শেষ আপডেট: 3 June 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: কিছুক্ষণ বাদেই আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএলের ফাইনাল (IPL Final)। মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস (RCB vs PBKS)। বিজয়ী টিমের ক্যাবিনেটে প্রথমবারের জন্য ঢুকতে চলেছে ট্রফি।
এর পাশাপাশি লক্ষ্মীলাভের রাস্তাও খুলতে চলেছে। হিসেব অনুযায়ী আইপিএলের বিজয়ী টিম পাবে ২০ কোটি টাকা। রানার্স আপ দল পুরস্কৃত হবে ১২ কোটি ৫০ লক্ষ টাকায়। ২০২২ সাল থেকে এই একই পরিমাণ অর্থ দেওয়া হয়ে থাকে। তার আগে ধাপে ধাপে বেড়েছে পুরস্কারের মূল্য।
প্রথম সিজনে কিন্তু বিজয়ী, বিজিত কোনও টিমকেই এত টাকা দেওয়া হয়নি। উদ্বোধনী আইপিএল জেতে রাজস্থান রয়্যালস। পায় ৪ কোটি ৮০ লক্ষ টাকার অর্থ পুরস্কার। রানার্স আপ চেন্নাই সুপার কিংস পায় ২ কোটি ৪০ লক্ষ টাকা। তখনকার সঙ্গে এখনকার অর্থমূল্যের তুলনাই বুঝিয়ে দেয় টুর্নামেন্ট কীভাবে ফুলেফেঁপে উঠেছে!
প্রসঙ্গত, শুধুমাত্র দুই দলই আর্থিক পুরস্কার পাবে না। প্লে-অফে ওঠা সমস্ত দলের কপালে লক্ষ্মীলাভ বাঁধা। গুজরাত টাইটানস, যারা এলিমিনেটরে ছিটকে যায়, পাবে ৬ কোটি ৫০ লক্ষ টাকা। মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত হলেও খালি হাতে ফিরছেন না হার্দিক পান্ডিয়ারাও। পকেটে ঢুকবে ৭ কোটি।
এর পাশাপাশি ব্যক্তিগত রেকর্ড গড়বেন যারা, তাঁদেরও অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে। অরেঞ্জ ক্যাপ (টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক), পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেত শিকারী) বিজয়ীদের প্রত্যেকে পাবেন ১০ লক্ষ টাকা। এ ছাড়া উদীয়মান ক্রিকেটার—প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছাপ ফেলেছেন যে তরুণ ক্রিকেটার, খেলোয়াড়োচিত ব্যবহারে এগিয়ে থাকা দল সবাইকে আলাদাভাবে সম্মান জানাবে বিসিসিআই।