প্লে অফে মুম্বই ও গুজরাত এই নিয়ে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে চলেছে। এর আগে তারা ২০২৩ সালের কোয়ালিফায়ার-২-এ মুখোমুখি হয়েছিল। সেবার গুজরাতের কাছে ৬২ রানে হেরে গিয়েছিল মুম্বই।
.png.webp)
মুম্বই বনাম গুজরাত
শেষ আপডেট: 30 May 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার লক্ষ্মীলাভ হয়েছে আরসিবির (RCB)। পাঞ্জাবকে (PBKS) হারিয়ে ২০২৫ আইপিএলের (IPL 2025) টিকিট কনফার্ম করে ফেলেছেন বিরাট কোহলিরা। নয় বছর পর ফাইনালে উঠল বেঙ্গালুরু। ফাইনালের (Final) আরও একটি সিট ফাঁকা রয়েছে। এবার সেই সিটের জন্য লড়াই তিন দলের।
আইপিএল ২০২৫-এর এলিমিনেটর (Eliminator) ম্যাচে আজ মুম্বই ইন্ডিয়ান্স (MI) মুখোমুখি হবে গুজরাত টাইটান্সের (GT)। মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে যে দল হেরে যাবে তারা এবারের মতো বিদায় নেবে। আর জয়ী দল কোয়ালিফায়ার-২-এ খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে।
প্লে অফে (Play OFF) মুম্বই ও গুজরাত এই নিয়ে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে চলেছে। এর আগে তারা ২০২৩ সালের কোয়ালিফায়ার-২-এ মুখোমুখি হয়েছিল। সেবার গুজরাতের কাছে ৬২ রানে হেরে গিয়েছিল মুম্বই।
মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে রয়েছে গুজরাত:
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত টাইটান্সের মধ্যে এখন পর্যন্ত মোট ৭টি ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে জিটি ৫টি ম্যাচ জিতেছে, আর এমআই জয় পেয়েছে মাত্র ২টি ম্যাচে। চলতি মরশুমে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে দুই দল। এর আগের দুই ম্যাচেই জয় পেয়েছে গুজরাত।
মুম্বই ইন্ডিয়ান্স পঞ্চমবারের মতো এলিমিনেটর ম্যাচ খেলবে:
মুম্বই ইন্ডিয়ান্স পঞ্চমবারের মতো আইপিএল এলিমিনেটর ম্যাচ খেলবে আজ। এর আগে, তারা ২০১১, ২০১২, ২০১৪ এবং ২০২৩ সালে এলিমিনেটর। কিন্তু একবারও দলটি ফাইনালে পৌঁছতে পারেনি, খেতাব জেতা তো দূরের কথা। ২০১১ এবং ২০২৩ সালে এলিমিনেটর জিতেছিল কিন্তু কোয়ালিফায়ার-২ হেরেছিল। পাশাপাশি, ২০১২ এবং ২০১৪ সালে এলিমিনেটরেই হেরে গিয়ে ছিটকে যায় মুম্বই। অন্যদিকে, গুজরাত এবার প্রথমবারের মতো এলিমিনেটর ম্যাচ খেলবে।
দুই দলের শক্তি:
মুম্বইয়ের টপ অর্ডার এবার দুর্দান্ত ফর্মে আছে। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ৩টি অর্ধশতক এবং ১৪৭.৫৩ স্ট্রাইক রেট-সহ ৩২৯ রান করেছেন। মুম্বইয়ের সর্বোচ্চ স্কোরার সূর্য এই মরশুমে সেরা ব্যাটিং করছেন। তিনি ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে ৬৪০ রান করেছেন।
এমআই-এর হয়ে এবার সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। তিনি ১৪ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরাহ এখন পর্যন্ত ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন।
এই মরশুমে গুজরাতের দুই ওপেনারই দুর্দান্ত ফর্মে আছেন। বাঁহাতি ব্যাটসম্যান সাই সুদর্শন এই মরশুমের এবং দলের সর্বোচ্চ স্কোরার। তিনি এখনও পর্যন্ত ১৫৫.৩৭ স্ট্রাইক রেটে ৬৭৯ রান করেছেন। বর্তমানে অরেঞ্জ ক্যাপের মালিক তিনি। ২০২৫ আইপিএলে সুদর্শন ৫টি অর্ধশতক করেছেন। অধিনায়ক শুভমান গিল এখন পর্যন্ত ৬টি অর্ধশতক-সহ ৬৪৯ রান করেছেন। তার স্ট্রাইক রেট ১৫৬.৩৮। গিল এই মরশুমের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। তবে জশ বাটলারের না থাকাটা হয়তো সমস্যায় ফেলতে পারে গুজরাতকে।
২০২৫ আইপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হলেন জিটির ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। এখন পর্যন্ত তিনি ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৭.৯০। শীর্ষ উইকেট শিকারি সিএসকের নূর আহমেদের থেকে ১ উইকেট পিছিয়ে রয়েছেন তিনি। তবে নূরের দল আইপিএল থেকে ছিটকে গিয়েছে। তাই আজই হয়তো নূরকে টপকে যেতে পারেন কৃষ্ণ। গুজরাতের প্লাস পয়েন্ট হল, দলে মহম্মদ সিরাজ এবং ইশান্ত শর্মার মতো অভিজ্ঞ বোলারও রয়েছে।
পিচ রিপোর্ট:
মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটারদের হয়েই কথা বলে। এখন পর্যন্ত এখানে ১০টি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এক ইনিংসে সর্বোচ্চ রান উঠেছে ২১৯/৬। যা পাঞ্জাব এই মরশুমে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে করেছে।
আবহাওয়া:
শুক্রবার মুল্লানপুরে খুব বেশি গরম থাকবে না। আজ সারাদিন এখানে মেঘলা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা ২%। তাপমাত্রা ২৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১৭ কিলোমিটার।
উভয় দলের সম্ভাব্য একাদশ:
মুম্বই ইন্ডিয়ান্স: হার্দিক পান্ড্য (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, চরিথ আসলাঙ্কা, তিলক ভার্মা, নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ। ইমপ্যাক্ট সাব: কর্ণ শর্মা।
গুজরাত টাইটান্স: শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ সিরাজ, জেরাল্ড কোয়াৎজে, সাই কিশোর, প্রসিদ্ধ কৃষ্ণ। ইমপ্যাক্ট সাব: আরশাদ খান।