তবে এটাই যদি ধোনির শেষ ম্যাচ হয়, তাহলে বলতেই হবে, দুরন্ত জয় দিয়েই শেষ হল তাঁর আইপিএল কেরিয়ার। চেন্নাইয়ের জার্সিতেই যা তিনি অধিনায়ক হিসাবে শুরু করেছিলেন ২০০৮ সালে।

মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 25 May 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএলের (IPL 2025) প্লে অফের চারটি দল নির্ধারিত হয়ে গিয়েছে। শেষ চারে জায়গা করে নিয়েছে গুজরাত, পাঞ্জাব, বেঙ্গালুরু ও মুম্বই। এখন লড়াই শীর্ষ দুই স্থান দখল নিয়ে। পয়েন্ট টেবিলের শীর্ষে এখনও গুজরাত (Gujrat Titans)। তবে এদিন তারা হেরে গিয়েছে লাস্ট বয় চেন্নাইয়ের কাছে (Chennai Super Kings)।
এর আগে পর পর দুই দিন হারের মুখ দেখেছে পাঞ্জাব ও বেঙ্গালুরু। আজকের আগের ম্যাচেও হেরেছিল গুজরাত। ফলে একটা প্রশ্ন উঠছেই প্লে অফে উঠে যাওয়ার জন্য বাড়তি আত্মবিশ্বাসী হয়েই কি হারের মুখ দেখছে এই দলগুলি? গুজরাত আজ হেরে ১৮ পয়েন্ট নিয়ে শেষ করল গ্রুপ পর্ব। এর ফলে আরসিবি বা পিবিকেএস তাদের শেষ ম্যাচ জিতলেই ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে জায়গা করে নেবে। ফলে তাদের আর এলিমিনেটর পর্ব খেলতে হবে না।
এদিন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টসের পর রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলার সময় একটি ইঙ্গিতবাহী মন্তব্যও করেছেন মাহি। তিনি বলেন, “আমার কেরিয়ার এখন শেষ পর্যায়ে।” এরপরই আলোচনা শুরু হয়ে যায়, এটাই কি তবে সিএসকের থালাইভার শেষ ম্যাচ হতে চলেছে।
তবে এটাই যদি ধোনির শেষ ম্যাচ হয়, তাহলে বলতেই হবে, দুরন্ত জয় দিয়েই শেষ হল তাঁর আইপিএল কেরিয়ার। চেন্নাইয়ের জার্সিতেই যা তিনি অধিনায়ক হিসাবে শুরু করেছিলেন ২০০৮ সালে।
এদিন চেন্নাইয়ের হয়ে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন এবারের আইপিএলের আবিষ্কার ১৭ বছরের আয়ুশ মাত্রে। আউট হওয়ার আগে এই সিএসকে ওপেনার করেন ১৭ বলে ৩৪ রান। হাঁকান তিনটি চার ও তিনটি ছক্কা। তবে আয়ুশ আউট হলেও রান রেট ঠিক রাখতে অবিচল ছিলেন অপর ওপেনার ডেভন কনওয়ে (৩৫ বলে ৫২)। তাঁকে যোগ্য সঙ্গত করেন আর এক তরুণ উর্ভিল প্যাটেল (১৯ বলে ৩৭)। শেষ দিকে ক্যামিও ইনিংস খেলে দলের রানকে ২৩০-এ পৌঁছে দেন বেবি এবি ডেওয়াল্ড ডেভিস। এই প্রোটিয়া ব্যাটার ইনিংসের শেষ বলে যখন আউট হন, তখন স্কোর বোর্ডে তাঁর নামের পাশে বসে গিয়েছে ২৩ বলে ৫৭ রান। গুজরাতের কোনও বোলারকেই এদিন রেয়াত করেননি চেন্নাইয়ের ব্যাটাররা।
জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে কখনওই বড় জুটি গড়তে পারেনি গুজরাত। শুভমান গিল আউট হন ১৩ রানে, দলের রান তখন ২৪। ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি অরেঞ্জ ক্যাপের মালিক সাই সুদর্শনও। রবীন্দ্র জাদেজার বলে আউট হওয়ার আগে তিনি করেন ৪১ রান। গুজরাতের হয়ে আজকের ম্যাচে যা সর্বোচ্চ। ১৮.৩ ওভারেই ১৪৭ রানে শেষ হয়ে যায় জিটির ইনিংস। ৮৩ রানে হেরে গিয়ে তাদের নেট রান রেটও কমে গিয়েছে।
চেন্নাইয়ের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন অনশুল কম্বোজ ও নূর আহমেদ। এদিন তিনটি উইকেট নিয়ে প্রসিদ্ধ কৃষ্ণাকে টপকে একক ভাবে বেগুনি টুপির মালিক হয়ে গেলেন আফগান স্পিনার নূর।