বিশেষজ্ঞেরা এখনও অস্বস্তিতে রয়েছেন। প্রাক্তন ক্রিকেটাররা সতর্ক করে দিচ্ছেন। যদিও বছর পঁচিশের শুভমান আপাতত ফুরফুরে।

শুভমান গিল
শেষ আপডেট: 25 May 2025 18:20
দ্য ওয়াল ব্যুরো: মিউজিক্যাল চেয়ার শুরু হয়েছিল সেদিন, যেদিন রোহিত শর্মা (Rohit Sharma) লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন। শুধু অধিনায়কত্ব নন, অবসর নিলেন টেস্ট থেকে। কে হবেন পরবর্তী নেতা, কাকে ‘মুখ’ করে এগতে চাইছে ভারতীয় বোর্ড (BCCI)—এই নিয়ে জল্পনা, গুঞ্জন চলছিল।
অবশেষে সংবাদমাধ্যমের একটা বড় অংশের অনুমানকে সত্যি প্রমাণ করে টেস্ট টিমের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল শুভমান গিলকে (Shubhman Gill)। কিন্তু সেই নির্বাচন বা ঘোষণা যে বিতর্কের ঊর্ধে নয়, সেটা গত ২৪ ঘণ্টায় পরিষ্কার হয়ে গিয়েছে। লাল বলের ক্রিকেটে খুব একটা অভিজ্ঞতা নেই গিলের। নেমেছেন মাত্র ৩২ টেস্টে। করেছেন ১৮৯৩ রান। সেঞ্চুরি পাঁচটি। হাফ সেঞ্চুরি সাতটি। ঘরের মাঠে যদি বা রান করেছেন , বিদেশের মাটিতে রেকর্ড আরও খারাপ। তাই প্রাথমিকভাবে শুভমানের নেতৃত্ব পাওয়া নিয়ে নির্বাচকদের মধ্য থেকেও বিরোধিতার সুর শোনা যাচ্ছিল। দল ঘোষণার পর যা দ্বিগুণিত হয়েছে।
বিশেষ করে রোহিতের জায়গায় তাঁকে বসানো হল, সেটাও বিরাটের (Virat Kohli) অবসরগ্রহণের আবহে—গোটা বিষয়টি অনেকেই ভালভাবে নেননি। বিশেষজ্ঞেরা এখনও অস্বস্তিতে রয়েছেন। প্রাক্তন ক্রিকেটাররা সতর্ক করে দিচ্ছেন। যদিও বছর পঁচিশের শুভমান আপাতত ফুরফুরে। এই সুযোগকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। বলছেন, ‘যখন ছোট ছিলাম, তখন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটারেরা আমায় প্রভাবিত করেছেন। তাঁদের অনেকের সঙ্গে খেলেছি বলে আমি নিজেকে ভাগ্যবান বলে করি।‘
এরপরই ‘রো-কো’ জুটির তুলনা টেনে গিলের ব্যাখ্যা, ‘বিরাট ভাই, রোহিত ভাই দুজনের তাঁদের স্টাইলের হিসেবে আলাদা। কিন্তু তাঁদের একটাই লক্ষ্যের পেছনে ছুটতে দেখা আমায় প্রেরণা দিয়েছে। অধিনায়ক হিসেবে আমরা জিততে চাই। কৌশল আলাদা হতেই পারে। তাঁরা দুজনেও আলাদাই। আবার নিজেদের হিসেবে এক-ও।‘
কোথায় আলাদা? শুভমানের যুক্তি, ‘বিরাট ভাই সবসময় ভীষণ আক্রমণাত্মক। সামনে দাঁড়িয়ে খিদে আর প্যাশন নিয়ে নেতৃত্ব দিতে চান। অন্যদিকে রোহিত ভাইও আগ্রাসী। কিন্তু সেটা ওর হাবভাব বা আচরণে ধরা পড়ে না। রোহিত অধিনায়ক হিসেবে মাঠে আক্রমণাত্মক। কিন্তু রণকৌশল বাছাইয়ে শান্ত। খেলোয়াড়দের সঙ্গে কথা বলতেন। কার কাছ থেকে কী চান সাফ সাফ বুঝিয়ে দিতেন। এই গুণাগুণ আমি দুজনের থেকে শিখেছি।‘