গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম দেশের অন্যতম আধুনিক ভেন্যু হলেও এবারই প্রথম টেস্ট আয়োজন করতে চলেছে। সেই প্রথম ম্যাচেই ইতিহাসে নাম লিখবে এই ময়দান—টেস্ট ক্রিকেটের প্রচলিত ‘লাঞ্চ–টি’ রীতিকে উল্টে দিয়ে ‘টি–লাঞ্চ’ প্যাটার্নে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
.jpeg.webp)
টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 30 October 2025 15:19
দ্য ওয়াল ব্যুরো: শতাব্দীরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে (Test Cricket) দিনের সেশন বিন্যাস একই—টস, খেলা, লাঞ্চ, তারপর টি-ব্রেক। এবার সেই রীতিই ভাঙবে গুয়াহাটিতে (Guwahati)। নভেম্বরের ২২ তারিখ থেকে বর্ষাপাড়া স্টেডিয়ামে (Barsapara Stadium) শুরু হতে চলা ভারত–দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দ্বিতীয় টেস্টে প্রথমবার দেখা যাবে ‘লাঞ্চের আগে চা বিরতি’-র দৃশ্য।
প্রসঙ্গত, এটাই বর্ষাপাড়া স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্ট। কিন্তু সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের তারতম্যের কারণে দিনের সেশনগুলির সময়সূচি বদল করা হয়েছে। বোর্ড সূত্রে খবর, পূর্ব ভারতের এই অংশে সূর্য ওঠে খুব ভোরে এবং অস্ত যায় তাড়াতাড়ি। তাই খেলার সময় ভরপুরভাবে কাজে লাগাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক আধিকারিকের মন্তব্য, ‘গুয়াহাটিতে সূর্যাস্ত অনেক আগে হয়। তাই খেলার সময় বাড়াতে এবং দিনের আলোতে যতটা সম্ভব ওভার সম্পূর্ণ করতে আমরা টি-ব্রেক লাঞ্চের আগে রাখা মনস্থির করেছি!’
পরিবর্তিত সূচি অনুযায়ী, প্রথম সেশন হবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। এরপর ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত চলবে টি-ব্রেক। দ্বিতীয় সেশন নির্ধারিত হয়েছে ১১টা ২০ থেকে ১টা ২০ পর্যন্ত। তারপর হবে ৪০ মিনিটের লাঞ্চ বিরতি—১টা ২০ থেকে ২টা পর্যন্ত। দিনের শেষ সেশন শুরু হবে বিকেল ২টায় এবং শেষ হবে ৪টায়।
এই পরিবর্তন শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজেই নয়, বর্ষাপাড়ায় আয়োজিত রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচগুলিতেও একই নিয়মে খেলা হবে।
এখনও পর্যন্ত টেস্ট ম্যাচের প্রচলিত সময়সূচি ছিল সকাল ৯টা ৩০ থেকে খেলা শুরু, প্রথম সেশন শেষে ১১টা ৩০ থেকে ১২টা ১০ পর্যন্ত লাঞ্চ, দ্বিতীয় সেশন শেষে ২টা ১০ থেকে ২টা ৩০ পর্যন্ত টি-ব্রেক, তারপর ৪টা ৩০ পর্যন্ত চূড়ান্ত সেশন। প্রয়োজনে ম্যাচ রেফারিরা ৩০ মিনিট পর্যন্ত খেলার সময় বাড়াতেন যাতে প্রতিদিনের ৯০ ওভার সম্পূর্ণ হয়। তবে গুয়াহাটির মতো শহরে দিন ছোট হওয়ায় সন্ধ্যার আগেই আলো কমে আসে। যা মাথায় রেখেই এই সময়সূচি বদলের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও ক্রিকেট সাউথ আফ্রিকা (Cricket South Africa)।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম দেশের অন্যতম আধুনিক ভেন্যু হলেও এবারই প্রথম টেস্ট আয়োজন করতে চলেছে। সেই প্রথম ম্যাচেই ইতিহাসে নাম লিখবে এই ময়দান—টেস্ট ক্রিকেটের প্রচলিত ‘লাঞ্চ–টি’ রীতিকে উল্টে দিয়ে ‘টি–লাঞ্চ’ প্যাটার্নে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।