এক নতুন খেলায়, এক নতুন কৌশলে, এক নতুন সময়ে—টেস্ট টোয়েন্টি আপাতত ক্রিকেটের পরবর্তী বড় বিপ্লবের পথে।

ছবি: গুগল
শেষ আপডেট: 17 October 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: দু’দশক আগে যখন টি–২০ ক্রিকেট প্রথম আত্মপ্রকাশ করে, অনেকেই ভেবেছিলেন—এটাই হয়তো খেলার শেষ সীমান্ত। কিন্তু সময় প্রমাণ করেছে, ক্রিকেটের নতুন ভাষা, নতুন কাঠামো ও নতুন কিস্যা কখনও ফুরনোর নয়। হয়তো তাই জুড়ে যাচ্ছে নয়া অধ্যায়। সামনে আসতে চলেছে নয়া ফিউশন ‘টেস্ট টোয়েন্টি’ (Test Twenty)। নিউক্লিয়াসে লাল বলের রণকৌশল, সাদা বলের রোমাঞ্চ। বাড়তি পাওনা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গত। সব মিলিয়ে ক্রিকেটের ভুবন নিঃসন্দেহে আরও খানিক রংদার হতে চলেছে!
এককথায় বললে, নতুন ফর্ম্যাটের লক্ষ্য একটাই—লাল বলের স্ট্র্যাটেজি আর সাদা বলের গতিময়তাকে একসঙ্গে মিশিয়ে দেওয়া। শুনতে অবাস্তব? ঠিক খাপ খাচ্ছে না? গৌরব বাহিরভানি (Gaurav Bahirvani), দেশের অন্যতম পরিচিত ক্রীড়া–উদ্যোক্তা কিন্তু আপাতত এই অসম্ভবকে সম্ভব করতেই কোমর বেঁধে নেমেছেন। সংশয়ীরা ভুরু কোঁচকালেও সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers), হরভজন সিং (Harbhajan Singh), স্যার ক্লাইভ লয়েড (Sir Clive Lloyd) ও ম্যাথু হেডেনের (Matthew Hayden) মতো কিংবদন্তি। হয়তো এই আশ্বাসের জোরেই গতকাল, ১৬ অক্টোবর, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ক্রিকেটের চতুর্থ ফর্ম্যাটের!
আসরের মোদ্দা উদ্দেশ্য নামেই লুকিয়ে। ‘টেস্ট’ মানে দীর্ঘদিনের কৌশল, পরিকল্পনা, ধৈর্য। আর ‘টোয়েন্টি’ তুলে ধরছে টি–২০-র রোমাঞ্চ, গতি, ফলাফলমুখী ক্রিকেট। এই দুই মিলিয়ে-মিশিয়ে এক দিনের খেলা। দুই ইনিংসে মোট ৪০ ওভার করে। অর্থাৎ, ৮০ ওভারে একটি পূর্ণাঙ্গ ম্যাচ। দুই দলই পাবে ২০ ওভার করে দুটি ইনিংস। ফলাফল ঠিক টেস্টের মতো—জয়, পরাজয়, টাই বা ড্র। খেলায় থাকবে স্থৈর্যের পরীক্ষা। কিন্তু একদিনেই বেরিয়ে আসবে দ্বৈরথের পরিণতি। এই ফর্ম্যাটে মাঠে দেখা যাবে টেস্টের গভীরতা, টি–২০-র গতি আর ওয়ানডের ভারসাম্য। সব মিলিয়ে সম্প্রচারধর্মী, দর্শকবান্ধব এবং একই সঙ্গে কৌশলমুখ্য লড়াইয়ের পরিসর তৈরি করাই টেস্ট টোয়েন্টির আসল লক্ষ্য!
যদিও পুরোটা মাঠের কলাকৌশল নয়। পালে হাওয়া জুগিয়েছে একটি প্রযুক্তি–ভিত্তিক ধারণা—‘এআই ডিককভারি ইঞ্জিন’ (AI Discovery Engine)—এক ধরনের উন্নতমানের বিশ্লেষণ প্ল্যাটফর্ম! যেখানে ভিডিও অ্যানালিটিক্স, মোশন সেন্সর আর ডেটা সায়েন্স ব্যবহার করে খেলোয়াড়ের দক্ষতা ও সম্ভাবনার নিরপেক্ষ মূল্যায়ন করা হবে। এই প্রযুক্তি কেবল টুর্নামেন্টের অংশ নয়; গৌরব বহিরবাণীর সংস্থা (The One One Six Network) জানিয়েছে, তারা বিশ্বজুড়ে ক্রিকেট বোর্ড, একাডেমি ও ক্লাবগুলির সঙ্গে টেক-ট্রান্সফার পার্টনারশিপ (Tech-Transfer Partnerships, TTP) গড়ে তুলবে, যাতে প্রতিভা খোঁজার রাস্তা হয় স্বচ্ছ ও বৈজ্ঞানিক। এককথায়, স্কাউটিং আর সুপারিশের বদলে পরিসংখ্যান ও তথ্য–ভিত্তিক মেধা যাচাই—এই হতে চলেছে ভবিষ্যতের ক্রিকেট-চিন্তা।
‘টেস্ট টোয়েন্টি’ ঘোষণার দিন মঞ্চে ছিলেন চার প্রজন্মের চার তারকা—ডিভিলিয়ার্স, লয়েড, হেডেন, হরভজন। প্রত্যেকে আলাদা ভাষায় বললেন একটাই কথা। যার সারমর্ম—এই ফর্ম্যাট ক্রিকেটকে নতুন স্পন্দন দিতে পারে। এবি ডিভিলিয়ার্সের মন্তব্য, ‘টেস্ট টোয়েন্টি মানে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখেই নয়া উদ্ভাবন। খেলাটার ভবিষ্যৎ যেমন সামনে এগোচ্ছে, এই ফর্ম্যাট তাকেই দিক দেখাবে। তরুণ ক্রিকেটারদের সামনে আসবে নতুন স্বপ্ন, আর দর্শকদের সামনে নতুন গল্প!’ স্যার ক্লাইভ লয়েডের বক্তব্য আরও আবেগময়—‘আমি ক্রিকেটের প্রতিটি যুগ দেখেছি। খেলা সবসময় বদলেছে। কিন্তু এত চিন্তাশীল রূপান্তর এর আগে হয়নি। টেস্ট টোয়েন্টি ক্রিকেটের ছন্দ ও শিল্প ফেরত আনছে, আধুনিক উত্তেজনা নিয়ে!’ ম্যাথু হেডেনের চোখে এই উদ্যোগ প্রজন্মের সেতু। বলেন, ‘আমি শুধু ক্রিকেটার নই, একজন অভিভাবকও। এই ফর্ম্যাট পুরনো প্রজ্ঞা আর নতুন আগুনের মধ্যে সেতুবন্ধন। তরুণদের জন্য এটা শেখার ও মানুষ হয়ে ওঠার সুযোগ!’
আর হরভজন সিং? তিনিও দিলেন দরাজ সার্টিফিকেট। বললেন, ‘ক্রিকেটের দরকার ছিল এক নতুন হার্টবিট—যা আজকের যুবসমাজকে খেলাটার মূল আত্মার সঙ্গে জুড়ে দেবে। টেস্ট টোয়েন্টি সেই সেতু তৈরি করেছে!’
নিছক আনুষ্ঠানিক সৌজন্য? বোধ হয় নয়। ব্যবসায়িক পণ্যের বদলে ক্রিকেটকে দার্শনিক পথে নতুন করে চালনা করার, নতুন চোখে দেখার সুযোগ তৈরি করতে চলেছে এই উদ্যোগ। যার উদ্বোধনী লিগ শুরু হচ্ছে সামনের বছর জানুয়ারিতে। অংশ নেবে ছয়টি গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি—তিনটি ভারতীয় শহরভিত্তিক দল, আর বাকি তিনটি দুবাই, লন্ডন ও আমেরিকার। প্রতিটি টিমে থাকবে ১৬ জন ক্রিকেটার—৮ জন ভারতীয় ও ৮ জন আন্তর্জাতিক তারকা। এই মিশেল নিশ্চিত করবে একদিকে দেশের প্রতিভাদের মঞ্চ, অন্যদিকে বৈশ্বিক তারকাদের সংযোগ। একদিনের মধ্যেই ম্যাচ শেষ হওয়ায় ব্রডকাস্টারদেরও আগ্রহ বেড়েছে বহুগুণ।
এখানেই দানা বেঁধেছে সবচেয়ে বড় প্রশ্ন। ক্রিকেটের ইতিহাস বলছে—প্রত্যেক নতুন ফর্ম্যাটকেই প্রথমে সন্দেহের চোখে দেখা হয়েছে। ওয়ানডে ‘গিমিক’ বলে তিরস্কার কুড়িয়েছিল, টি–২০ শুনেছিল ‘সার্কাস ক্রিকেটে’র উপহাস। শেষ পর্যন্ত এই দুই মঞ্চই কিন্তু খেলাটাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শৃঙ্গে। এই পরিসরে টেস্ট টোয়েন্টির জায়গা কোথায়?
প্রথমত, এই ফর্ম্যাট প্রতিদ্বন্দ্বিতা করছে না টেস্ট বা টি–২০-র সঙ্গে। বরং দুটিকে একত্রে বুনে দেখাতে চাইছে—ক্রিকেট এখনও ‘মস্তিষ্কের খেলা’… কেবল ছক্কা–চারের প্রদর্শনী নয়।
দ্বিতীয়ত, এটি দীর্ঘ সময়ের বদলে সংক্ষিপ্ত দিনে টেস্টের কৌশল উপভোগ করার সুযোগ এনে দেবে।
তৃতীয়ত, টেস্ট টোয়েন্টি প্রযুক্তি–নির্ভর। যেখানে এআই দিয়ে স্কাউটিং থেকে পারফরম্যান্স অ্যানালিসিস পর্যন্ত সব হবে তথ্যভিত্তিক। অর্থাৎ, এই আসর হতে পারে দর্শক–বাণিজ্য–প্রযুক্তি–ঐতিহ্যের মিলনবিন্দু।
আজ যখন ক্রিকেটের তিন ফর্ম্যাট (Test, ODI, T20) ক্রমশ ক্লান্ত আর ক্যালেন্ডারের চাপ অসহনীয়, সেই সময় এমন নতুন ভাবনা যেন সদম্ভে পুরনোকে ঝেরে না ফেলে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার ঘোষণা করছে। এক নতুন খেলায়, এক নতুন কৌশলে, এক নতুন সময়ে—টেস্ট টোয়েন্টি আপাতত ক্রিকেটের পরবর্তী বড় বিপ্লবের পথে।