দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু ৩ ডিসেম্বর। তিনটি ম্যাচ হবে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। এরপর ৯ ডিসেম্বর থেকে শুরু পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ—কাটক, মুল্লানপুর, ধর্মশালা, লখনউ ও আমদাবাদে।

ছবি: গুগল
শেষ আপডেট: 23 November 2025 12:26
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য আজ, রবিবার মুম্বইয়ে বৈঠকে বসছে বোর্ডের (BCCI) নির্বাচকমণ্ডলী। তিন ম্যাচের সিরিজে ভারতের অধিনায়ক কে হবেন—সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সূত্রের খবর, পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন দুই জন—কেএল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থ (Rishabh Pant)।
দ্বিতীয় জন টি–টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভাল খেলছেন। চোট কাটিয়ে ফেরার পর ব্যাটিং–কিপিং—দু’দিকেই ছন্দে। তবে তাঁকে নিয়ে একটা প্রশ্ন কিছুতেই যাচ্ছে না—ওয়ানডেতে সাম্প্রতিক ম্যাচ–প্র্যাকটিস নেই। শেষ ম্যাচ খেলেছেন ২০২৪ সালের অগস্টে, শ্রীলঙ্কার বিরুদ্ধে। আদৌ পারবেন সমস্ত চাপ সামাল দিতে? অধিনায়কত্ব বাড়তি বোঝা হয়ে যাবে না তো?
রাহুলের সেই সমস্যা নেই। দলনেতা হিসেবেও অভিজ্ঞতা বেশি। এখন পর্যন্ত ১২টি ওয়ানডে ও একটি টি–টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। সাফল্যও খারাপ নয়—১২টির মধ্যে ৯টি ম্যাচ জিতেছেন। অধিনায়ক হিসেবে ব্যাটিং গড় ৩৩.৫৫, স্ট্রাইক–রেট ৮২-এর বেশি।
সমস্যার মূল কারণ শুভমান গিলের (Shubman Gill) চোট। ঘাড়ের ব্যথায় কাহিল। কলকাতা টেস্টে আঘাত পান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেই নামেননি। এরপর গুয়াহাটিতেও দলের বাইরে। বোর্ডের চিকিৎসকরা ঝুঁকি নিতে নারাজ। অতএব ডিসেম্বরের শুরুতে ওয়ানডে সিরিজেও তাঁকে বিশ্রাম দেওয়াটা কার্যত নিশ্চিত। বর্ষাপাড়া স্টেডিয়ামে চলতি টেস্টে ঋষভই নেতৃত্ব দিচ্ছেন। যে কারণে নির্বাচকেরা দ্বিধান্বিত—ওয়ানডে সিরিজেও কি তাঁকে দায়িত্ব দেওয়া যায়? তবে শেষ মুহূর্তে ব্যাটন কেড়ে নিতে পারেন রাহুল। কারণ অভিজ্ঞতা। যা বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনায় আসার প্রবল সম্ভাবনা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু ৩ ডিসেম্বর। তিনটি ম্যাচ হবে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। এরপর ৯ ডিসেম্বর থেকে শুরু পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ—কাটক, মুল্লানপুর, ধর্মশালা, লখনউ ও আমদাবাদে।