দলের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে একাদশে বড়সড় পরিবর্তনের সম্ভাবনাই প্রবল। ইডেন টেস্টে ব্যাটিং ব্যর্থতা, নেতৃত্বের সমস্যা এবং দলের তাল কাটায় নজর এবার ব্যাটিং গভীরতা ও বোলিং কম্বিনেশনের স্থায়িত্বে।
.jpeg.webp)
টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 20 November 2025 16:10
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Eden Gardens) লজ্জার হার ভুলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর মরিয়া ভারতীয় দল। শনিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে (Barsapara Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। তবে আপাতত নিশ্চিত—চোটের জন্য অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) খেলছেন না এই ম্যাচে। ইডেনে দ্বিতীয় ইনিংসে নামতেই পারেননি তিনি। সূত্রের খবর, পুরোপুরি ফিট নন, তাই বিশ্রামই একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত।
গিল ছিটকে যাওয়ায় নম্বর ৩–এ প্রায় নিশ্চিত সাই সুদর্শন (Sai Sudharsan)। প্রথম টেস্টে এই জায়গায় নিরীক্ষামূলকভাবে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) পাঠানো হয়েছিল; এবার সেই কৌশল আর চালানো হবে না বলেই মনে করা হচ্ছে। শুরুর জুটিতে নামবেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কেএল রাহুল (KL Rahul)। তার পরেই সুদর্শন। চার নম্বরে ঋষভ পন্থ (Rishabh Pant)। গিল না থাকায় তিনিই অধিনায়কত্ব করবেন। শুভমানের অনুপস্থিতিতে ইডেনের ম্যাচের বেশির ভাগ সময় তিনিই দায়িত্ব সামলেছিলেন।
অলরাউন্ডার বিভাগে বদল কম। রবি জাদেজা (Ravindra Jadeja) ও অক্ষর প্যাটেল (Axar Patel) নিজেদের জায়গা ধরে রাখবেন। ওয়াশিংটনও ফিরছেন মিডল অর্ডারে। ব্যাটিং বিভাগের ব্যাক আপ জোরদার করতে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) নামানো হতে পারে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে—কলকাতায় দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে ভেঙে পড়ার পর এই সিদ্ধান্তই স্বাভাবিক।
স্পিন বিভাগে একমাত্র স্পেশালিস্ট হিসেবে খেলবেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। পেস অ্যাটাকে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। পাশাপাশি অলরাউন্ড অপশন হিসেবে নজরে থাকছেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), যিনি বোলিং ইউনিটে বাড়তি অক্সিজেন জোগাতে পারেন।
দলের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে একাদশে বড়সড় পরিবর্তনের সম্ভাবনাই প্রবল। ইডেন টেস্টে ব্যাটিং ব্যর্থতা, নেতৃত্বের সমস্যা এবং দলের তাল কাটায় নজর এবার ব্যাটিং গভীরতা ও বোলিং কম্বিনেশনের স্থায়িত্বে।
গুয়াহাটি টেস্টে সম্ভাব্য ভারতীয় একাদশ:
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।