ইডেন ও ময়দান চত্বরের আশপাশে পাঁচ দিন মালবাহী গাড়ির প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে। বড় গাড়ির কারণে যাতে ম্যাচের দিন যানজট না বাড়ে, তাই এই সিদ্ধান্ত।

ইডেন গার্ডেন্স
শেষ আপডেট: 13 November 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট চলবে ১৪ থেকে ১৮ নভেম্বর। সেই পাঁচ দিন সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত আশপাশের রাস্তায় বড়সড় ট্রাফিক নিয়ম বদল—এমনটাই জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতা পুলিশ। কমিশনার মনোজ কুমার বর্মার (Manoj Kumar Verma) নির্দেশ অনুযায়ী যানজট ও বিশৃঙ্খলা এড়াতেই এই সাময়িক নিষেধাজ্ঞা।
কোন রাস্তাগুলি পুরোপুরি বন্ধ?
টেস্ট চলাকালীন সম্পূর্ণ বন্ধ থাকবে— ক্ষুদিরাম বসু রোড (Auckland Road), নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি (Kingsway)। এই তিনটি রাস্তায় হাঁটা ছাড়া অন্য কোনও যান চলাচলই চলবে না।
মালবাহী গাড়ির উপর বিধিনিষেধ:
ইডেন ও ময়দান চত্বরের আশপাশে পাঁচ দিন মালবাহী গাড়ির (goods vehicles) প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে। বড় গাড়ির কারণে যাতে ম্যাচের দিন যানজট না বাড়ে, তাই এই সিদ্ধান্ত।
যেসব রাস্তায় ‘নো–পার্কিং’:
স্টেডিয়ামের চারপাশে কোথাও পার্কিং পাওয়া যাবে না। বিশেষভাবে নো–পার্কিং ঘোষণা করা হয়েছে—গোষ্ঠ পাল সরণি, ক্ষুদিরাম বসু রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি (Red Road), গুরু নানক সরণি (Mayo Road), ডাফরিন রোড। এলাকায় প্রাইভেট বাস, ট্যাক্সি বা অন্য কোনও গাড়ির পার্কিং অনুমতি থাকবে না।
বাস টার্মিনাস বদল ও রুট পরিবর্তন:
অস্থায়ী পরিবর্তন—ব্যান্ড স্ট্যান্ড ও অকল্যান্ড রোডের বাস টার্মিনাস সরিয়ে আনা হচ্ছে কিরণ শঙ্কর রায় রোড ও এসপ্লানেড রো ইস্টে (Central Bus Terminus)।