গুয়াহাটি টেস্টের জন্য বিষয়টি কোনও ধোঁয়াশা নেই। ভারত অধিনায়ক মাঠে নেই।
.jpeg.webp)
শুভমান গিল
শেষ আপডেট: 20 November 2025 10:37
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) শেষ পর্যন্ত খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে। ইডেনে (Eden Gardens) পাওয়া ঘাড়ের চোটই শেষ পর্যন্ত তাঁকে ছিটকে দিল। দলের সঙ্গে গুয়াহাটিতে গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত—এই ম্যাচে মাঠে নামা তাঁর পক্ষে সম্ভব নয়।
কলকাতায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যথার জেরে নামতেই পারেননি শুভমান। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৩০ রানে হেরে যায়। গিলের অনুপস্থিতি তখনই বোঝা গিয়েছিল। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পাঁচ দিনের ক্রিকেটের ধকল ঘাড়ের চোট বাড়াতে পারে—এমন আশঙ্কায় তাঁকে বিশ্রামই দেওয়া হল।
গুয়াহাটিতে দলের সঙ্গে পৌঁছে শুভমানকে দেখা যায় কোনও নেক ব্রেস ছাড়া। কিন্তু সূত্রের দাবি, পুরোপুরি সেরে উঠতে আরও অন্তত দশদিন লাগবে। পাশাপাশি রিহ্যাবের সময়ও জরুরি। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টে না নামাই ম্যানেজমেন্টের চোখে যৌক্তিক সিদ্ধান্ত।
গিলের জায়গায় দলে সুযোগ পেতে চলেছেন সাই সুদর্শন (Sai Sudharsan)। ২৪ বছর বয়সি এই টপ–অর্ডার ব্যাটার গত জুনে ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেক করেছিলেন। পাঁচ ম্যাচে তাঁর রান ২৭৩, গড় ৩০.৩৩। ঘরের মাঠে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেন—সেখানে করেছিলেন ৩৯ এবং ৮৭ রান। দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টে সুযোগ পাননি। এবার তিনিই নেতৃত্ব দেবেন টপ–অর্ডারে।
ইডেনে দ্বিতীয় দিনের খেলায় গিলের ঘাড়ে চোট লাগে। পরের দিন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর কিছু না হলেও চিকিৎসকেরা তাঁকে চাপ কমানোর পরামর্শ দেন। পাঁচ দিনের টেস্ট ক্রিকেটে লম্বা সময় ফিল্ডিং, ব্যাটিং—সব মিলিয়ে চোট বাড়ার সম্ভাবনা থেকেই যায়।
এই অবস্থায় প্রশ্ন স্পষ্ট—গিল কি ৩০ নভেম্বর রাঁচিতে শুরু হওয়া ওয়ানডে সিরিজেও বিশ্রাম পাবেন? পিটিআই–এর দাবি, এই মুহূর্তে অন্তত ১০ দিন রিহ্যাব লাগবে। বৃহত্তর স্বার্থে ওই সিরিজেও বিশ্রাম দেওয়া হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে নিয়ে এমন মাথাব্যথা নেই। ফলে টি-২০ সিরিজের আগেই পুরো ফিট হয়ে ওঠাই আসল লক্ষ্য।
তবে আরও একটি জটিলতা রয়েছে। গিলের ডেপুটি শ্রেয়স আইয়ার এখনই পুরোপুরি ফিট নন। এমন পরিস্থিতিতে সমস্যা দেখা দিতে পারে যদি ক্ষণিকের জন্যও নতুন কোনও অধিনায়ক—যেমন কেএল রাহুল বা অক্ষর প্যাটেলকে দায়িত্ব নিতে হয়। শুভমান নিজেও চান না এমন কোনও পরিস্থিতি তৈরি হোক। কিন্তু গুয়াহাটি টেস্টের জন্য বিষয়টি কোনও ধোঁয়াশা নেই। ভারত অধিনায়ক মাঠে নেই। আর শীর্ষক্রমে তাঁর জায়গা নিতে প্রস্তুত সাই সুদর্শন—প্রায় নিশ্চিত।