প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India Pakistan)। চলতি আসরে মোট তিনবার একে অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান
শেষ আপডেট: 26 September 2025 00:18
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশকে (Bangladesh) ১১ রানে হারিয়ে দিল পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবারের সেমিফাইনালে ব্যাটিং (Bangladesh Pakistan) ব্যর্থতাই শেষ পর্যন্ত হার ডেকে আনল। আগামী রবিবার সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) ভারতের (INDIA) বিরুদ্ধে এশিয়ার সেরা (Asia Cup) হওয়ার লড়াইয়ে নামবেন সলমন আলি আঘারা। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India Pakistan)। চলতি আসরে মোট তিনবার একে অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
টানা দু’দিন দুবাইয়ের মাঠে ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। শারীরিক ধকল স্পষ্ট হয়ে ওঠে ক্রিকেটারদের মধ্যে। এর সঙ্গে যোগ হয় দলের প্রধান ব্যাটার লিটন দাসের অনুপস্থিতি। ভারতের পর পাকিস্তানের বিরুদ্ধেও খেলতে পারেননি তিনি। ফলে ব্যাটিং অর্ডারে ভাটা পড়ে যায়। বল হাতে ভাল করেও জয়ের স্বাদ পেল না বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভয়াবহ হয় পাকিস্তানের। টপ অর্ডার ও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ। ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করা সাহিবজাদা ফারহান এদিন মাত্র ৪ রানে ফেরেন। আগের মতোই প্রথম ওভারে আউট হন তিনি। একবারে শূন্য রানে আউট হন সাইম আয়ুব। ফখর জামান (১৩), সলমন আলি আঘা (১৯) ও হুসেন তালাত (৩) রান করতে ব্যর্থ হন। মাত্র ৪৯ রানে ৫ উইকেট পড়ে যায় পাকিস্তানের।
তবে বাংলাদেশের ফিল্ডারদের ভুলে আবারও খেলায় ফেরে পাকিস্তান। শূন্য রানে শাহিন আফ্রিদি ও মহম্মদ নওয়াজের ক্যাচ ফেলে দেন ফিল্ডাররা। পরে শাহিন করেন ১৯ রান, নওয়াজ ২৫, হ্যারিস ৩১ ও ফাহিম আশরাফ ১৪। শেষ ৮ ওভারে আসে ৮০ রান। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে মুখ রক্ষার জায়গায় দাঁড়ায় পাকিস্তান।
জয়ের জন্য লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় বাংলাদেশ। শাহিন আফ্রিদিকে ছয় মারতে গিয়ে শূন্য রানে আউট হন পারভেজ ইমন। ভাল শুরু করেছিলেন সাইফ হাসান, দুটি ছয়ও মারেন। কিন্তু হ্যারিস রউফের বল পড়তে না পেরে মাঠ ছাড়েন তিনিও।
শামিম হোসেন (৩০) ছাড়া আর কেউ রান পাননি। পাকিস্তানের দুই পেসার শাহিন ও হ্যারিস নেন ৩টি করে উইকেট। পাশাপাশি স্পিনার নওয়াজ ও সাইমও মাঝের ওভারে সাফল্য এনে দেন। প্রতিটি বাংলাদেশি ব্যাটারই শুরু থেকেই বড় শট খেলতে গিয়ে ভুল করেন। সময় না নিয়ে উইকেট বিলিয়ে দেওয়ায় হাতছাড়া হয় ফাইনালে যাওয়ার রাস্তা।
চলতি আসরে ইতিমধ্যেই দুবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। দুই ম্যাচেই জয়ী হয়েছে ভারত। পাক তারকা খেলোয়াড় শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi) বলেই রেখেছেন, "আমরা এখানে এশিয়া কাপ জিততে এসেছি। ফাইনাল তো জিততেই হবে। আমরা যে কোনও দলের বিরুদ্ধে খেলতে তৈরি। আমরা ভারতকেও হারাতে পারি।"
ফাইনালে তৃতীয়বার মুখোমুখি হলে কি পাকিস্তান প্রতিশোধ নিতে পারবে? নাকি ভারত টানা তিনবার জিতে এশিয়া সেরা হওয়ার মুকুট পরে নেবে? আসন্ন ফাইনাল ঘিরে তাই ক্রিকেটবিশ্বে উত্তেজনার পারদ তুঙ্গে।