ওয়ানডে ক্রিকেটে ভারতের রেকর্ড ১০০%, যেখানে দুই দলের মধ্যে খেলা ১১টি ম্যাচের সবকটিতেই ভারত জিতেছে।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 4 October 2025 18:24
দ্য ওয়াল ব্যুরো: কাল ফের বাইশ গজের দ্বৈরথে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। তবে এবার দুই দেশের পুরুষদের মধ্যে নয়, লড়াই হবে মহিলাদের মধ্যে। রবিবার হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল মহিলা ওয়ানডে বিশ্বকাপে (Women’s ODI World Cup) তাদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে।
গত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। পহেলগামে পাক মদতপুষ্ট জঙ্গিদের পর্যটকদের উপর হামলা ও তার পরিপ্রেক্ষিতে ভারতের অপারেশন সিঁদুরের পর থেকে দুই দেশের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। যার আঁচ পড়েছে বাইশ গজেও। সম্প্রতি পুরুষদের এশিয়া কাপের সময় ভারত এবং পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছিল এবং তিনটি ম্যাচেই বিতর্ক দেখা গিয়েছে। এদিকে জানা গিয়েছে, পুরুষদের মতো ভারতীয় মহিলা দলও হাত না মেলানোর নীতি গ্রহণ করেছে। ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ চলাকালীন পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না।
ভারত চলতি বিশ্বকাপে তাদের অভিযান শুরু করেছিল জয় দিয়ে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ব্লু টাইগ্রেসেস। সেই ম্যাচে ভারতের টপ অর্ডার ব্যাটিং খুব একটা ভাল না হলেও অমনজ্যোৎ কউর এবং দীপ্তি শর্মার জুটিতে চ্যালেঞ্জিং লক্ষ্য শ্রীলঙ্কাকে ছুড়ে দেয় হরমনপ্রীত ব্রিগেড। এরপর বল হাতেও কামাল দেখিয়ে শ্রীলঙ্কার ইনিংস গুড়িয়ে দেন দীপ্তি।
অন্যদিকে, পাকিস্তানের শুরুটা হতাশাজনক ছিল এবং বাংলাদেশের কাছে সাত উইকেটে তারা পরাজিত হয়। পাকিস্তানের ব্যাটাররা স্পিন এবং ফাস্ট বোলিং উভয়ের সঙ্গেই মানিয়ে নিতে পারেননি।
ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড ১০০%
যেকোনও ফরম্যাটেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মহিলা দল এগিয়ে, কিন্তু ওয়ানডেতে দুটি দলের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই বললেই চলে। ভারত এবং পাকিস্তান মহিলা আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাটে মিলিয়ে ২৭টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ভারত ২৪টি এবং পাকিস্তান তিনটিতে জিতেছে। পাকিস্তানের তিনটি জয়ই টি-টোয়েন্টি ফরম্যাটে এসেছে। ওয়ানডে ক্রিকেটে ভারতের রেকর্ড ১০০%, যেখানে দুই দলের মধ্যে খেলা ১১টি ম্যাচের সবকটিতেই ভারত জিতেছে।
টিম ইন্ডিয়ার প্রধান শক্তি হল ব্যাটিং। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে কলম্বোর পিচে বল বেশ সিম করছিল। পেসারদের কাছে আদর্শ এখানকার পরিবেশ।তাই ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে পেসার রেণুকা সিংকে রাখতে পারে, যিনি গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সময় চোট পেয়েছিলেন। যদিও পাক ম্যাচের আগে অনুশীলন সেশনে তাঁকে ছন্দে দেখা যায়নি।
ভারতের সম্ভাব্য একাদশ: প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কউর (অধিনায়ক), জেমিমা রড্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, আমানজ্যোৎ কউর, স্নেহ রানা, ক্রান্তি গৌড় ও রেণুকা সিং।