এখন সব নজর কলম্বোর আকাশে। ক্রিকেটাররা প্রস্তুত, সমর্থকরাও তৈরি। শেষ কথা বলবে প্রকৃতি।

কলম্বোর ময়দান
শেষ আপডেট: 15 February 2026 10:13
দ্য ওয়াল ব্যুরো: মাঠে ভারত-পাকিস্তান, গ্যালারিতে উন্মাদনা—কিন্তু সব হিসেব গুলিয়ে দিতে পারে আকাশ। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) মহারণ আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium)। তবে আবহাওয়ার পূর্বাভাস মতে, বৃষ্টির ভ্রুকুটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাওয়া অফিসের সতর্কবার্তায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। ফলে ক্রিকেটপ্রেমীদের মনে বড় প্রশ্ন—ম্যাচ আদৌ মাঠে গড়াবে তো?
৯৪–৯৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা!
রিপোর্ট অনুযায়ী, দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা ৯৪ থেকে ৯৬ শতাংশ পর্যন্ত রয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া দফতর (Sri Lanka Department of Meteorology) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে দেশের বিভিন্ন অংশে বৃষ্টি বাড়বে। যদিও কলম্বো পশ্চিম প্রদেশে এবং কিছু রিপোর্ট বলছে সন্ধ্যার দিকে আবহাওয়া খানিকটা শুকনো থাকতে পারে। কিন্তু দিনমান যদি ভারী বর্ষণ নামে, তাহলে পিচের আচরণ বদলে যেতে পারে। তখন ভেজা উইকেটে স্পিন বড় ফ্যাক্টর হয়ে দুই দলের কৌশলেই প্রভাব ফেলবে।
ম্যাচ বাতিল হলে কী হবে?
গ্রুপ পর্বের ম্যাচ হওয়ায় এই হাইভোল্টেজ লড়াইয়ের জন্য কোনও রিজার্ভ ডে নেই। নিয়ম অনুযায়ী, নিশ্চিত ফলাফল পেতে হলে অন্তত পাঁচ ওভার করে খেলা জরুরি। যদি সেটাও সম্ভব না হয়, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হবে এবং ভারত (India) ও পাকিস্তান (Pakistan) দু’দলই এক পয়েন্ট করে পাবে।
একদিকে সলমন আঘা, অন্যদিকে সূর্যকুমার যাদবের বাহিনী টুর্নামেন্টে ভালো শুরু করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত হারিয়েছে আমেরিকা ও নামিবিয়াকে। পাকিস্তানও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে ছিনিয়ে নিয়েছে মূল্যবান জয়, পরের ম্যাচে আমেরিকাকে দাপটের সঙ্গে পরাস্ত করেছে। ফলে পয়েন্ট ভাগাভাগি হলে গ্রুপের সমীকরণে বড় পরিবর্তন না এলেও সুপার এইটে ওঠার দৌড়ে বাড়তি চাপ তৈরি হবে।
আর্থিক ও আবেগের ধাক্কা
ভারত-পাক ম্যাচ মানে কোটি টাকার বিজ্ঞাপন, টিকিট বিক্রি, সম্প্রচারস্বত্ব—সব মিলিয়ে বিপুল অর্থের খেলা। লড়াই ভেস্তে গেলে সম্প্রচারকারী সংস্থার বিজ্ঞাপনে বিপুল ক্ষতি। টিকিট ফেরতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যার জেরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আয়েও তার প্রভাব পড়তে পারে। সবচেয়ে বড় কথা, জলে যাবে কোটি কোটি দর্শকের অপেক্ষা ও উন্মাদনা। দিনের শেষে ভারত-পাকিস্তান ম্যাচ শুধু ক্রিকেট-দ্বৈরথ নয়, আবেগ, ইতিহাস আর প্রতিদ্বন্দ্বিতার গল্পও বটে।
তাই এখন সব নজর কলম্বোর আকাশে। ক্রিকেটাররা প্রস্তুত, সমর্থকরাও তৈরি। শেষ কথা বলবে প্রকৃতি। কলম্বোর আকাশ কি সত্যিই ম্যাচ ‘বয়কট’ করবে, নাকি সন্ধ্যায় মিলবে ক্রিকেটের পূর্ণ রোমাঞ্চ—সেটাই দেখার।