অশ্বিনের প্রস্তাব বাস্তবে অনুসৃত হবে কি না বলা মুশকিল। কিন্তু ম্যাচের আগে মনস্তাত্ত্বিক যুদ্ধ যে শুরু হয়ে গেছে, তাতে এতটুকু সন্দেহ নেই।

অশ্বিন ও উসমান
শেষ আপডেট: 13 February 2026 14:04
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান মহারণের আগে আগুনে ঘি ঢাললেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের রহস্য-স্পিনার উসমান তারিককে (Usman Tariq) কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে প্রকাশ্যে মেলে ধরলেন এক অভিনব পরামর্শ। অশ্বিনের দাবি—পুরোপুরি নিয়মের মধ্যে থেকেই ব্যাটাররা তারিকের ছন্দ ভাঙতে পারেন। নিজের ইউটিউব শোয়ে (‘Ash Ki Baat’) অশ্বিন জানান, পাক স্পিনার বল ছাড়ার আগে ক্রিজে কয়েক সেকেন্ড থেমে যান। সেই বিরতিই নাকি ভারতের অস্ত্র হতে পারে।
‘ও থামলে, তুমি সরে যাও’
অশ্বিনের বক্তব্য স্পষ্ট—তারিক যদি বল ছাড়ার আগে থামেন, ব্যাটারও সরে যেতে পারেন। যুক্তি, ‘ব্যাটারের অধিকার আছে সরে যাওয়ার। সে বলতে পারে, আমি বুঝতে পারছি না কখন বল আসবে!’ প্রাক্তন বোলারের মতে, এতে আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে হবে—কাকে সতর্ক করবেন? নিয়ম অনুযায়ী, প্রথমে বোলারকেই নির্দেশ দেওয়া হতে পারে। যে কারণে সেক্ষেত্রে চাপ পড়বে তারিকের উপর। অশ্বিনের হিসেব, বড় ম্যাচে যদি বারবার ব্যাটার সরে দাঁড়ান, স্পিনারের ছন্দ নষ্ট হতে বাধ্য। ইঙ্গিতপূর্ণ সুরে তিনি বলেন, ‘এই ম্যাচে ও-ই পাকিস্তানের তুরুপের তাস। যদি ম্যাচের মাঝখানে অ্যাকশন বদলাতে হয়, তাহলে অ্যাডভান্টেজ ভারতের!’
বিতর্কিত অ্যাকশন, তবু বৈধ
উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়েও বিতর্ক কম নয়। ডায়াগোনাল রান-আপ, তারপর হঠাৎ থামা—এই স্টপ-স্টার্ট প্যাটার্ন ব্যাটারদের বিভ্রান্ত করে। অনেকে তাঁর অ্যাকশনের তুলনা করেছেন মুথাইয়া মুরললীধরনের (Muttiah Muralitharan) সঙ্গে। যদিও সব মিলিয়ে প্রশ্নও উঠেছে বিস্তর। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে ক্যামেরন গ্রিনও (Cameron Green) প্রশ্ন তুলেছিলেন তারিকের বৈধতা নিয়ে।
তবে অশ্বিনের বক্তব্য, তারিকের বিরতি তাঁর স্বাভাবিক অ্যাকশনের অংশ। তাই নিয়মভঙ্গ নয়। বলেছেন, ‘আমি যদি হঠাৎ করে ডেলিভারির আগে থামি, তাহলে অবৈধ হতে পারে। কিন্তু তারিকের ক্ষেত্রে সেটা অ্যাকশনের অংশ!’
ভারতের দুর্বলতা, পাকিস্তানের সুযোগ
টিম ইন্ডিয়া দু’ম্যাচে দুটো জয় পেয়েছে ঠিকই। কিন্তু স্পিনের বিরুদ্ধে অস্বস্তি ধরা পড়েছে। আমেরিকার স্পিনারা ছিনিয়েছেন তিন উইকেট, নামিবিয়া-ম্যাচে পাঁচ। ঘূর্ণির প্যাঁচে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল মাঝেমধ্যে ভিরমি খেয়েছে। এই জায়গাতেই বিপদ ডেকে আনতে পারেন উসমান তারিক। তাঁর ক্যারম বল, দ্রুতগতির আর্ম ডেলিভারি, সূক্ষ্ম ড্রিফট পোড়খাওয়া ব্যাটারকেও ভাবতে বাধ্য করে। নেদারল্যান্ডস ম্যাচ মিস করলেও আমেরিকার বিরুদ্ধে তিন উইকেট নিয়ে ফর্মে ফেরার বার্তা দিয়েছেন। কলম্বোর পিচ যদি ধীরে ধীরে গ্রিপ করতে শুরু করে, তাহলে তারিক আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন।
সব মিলিয়ে রবিবারের মহারণ শুধু ব্যাট-বলের নয়, বুদ্ধির লড়াইও বটে। অশ্বিনের প্রস্তাব বাস্তবে অনুসৃত হবে কি না বলা মুশকিল। কিন্তু ম্যাচের আগে মনস্তাত্ত্বিক যুদ্ধ যে শুরু হয়ে গেছে, তাতে এতটুকু সন্দেহ নেই।